কালিগঞ্জে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ইপেপার / প্রিন্ট
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কৃষকদলের সভাপতি রোকনুজ্জামান প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের ইতিহাসে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পীরা বিভিন্ন গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা জুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।
