লালমনিরহাটে হারিয়ে যাওয়া দেড় লাখ টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত লেমন খানের
ইপেপার / প্রিন্ট
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বোডেরহাট এলাকায় হারিয়ে যাওয়া দেড় লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ লেমন খান নামে এক যুবক। তাঁর এমন মানবিক ও প্রশংসনীয় কর্মকাণ্ড এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা গেছে, পাটগ্রাম থেকে ফেরার পথে বোডেরহাট এলাকায় মোটরসাইকেল থেকে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের একটি ব্যাগ পড়ে যায়। ওই ব্যাগে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। ব্যাগটি হারিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ে যান তিনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যাগটির সন্ধান পাননি।
এরপর প্রায় ৩০ মিনিট পর যুবক মোহাম্মদ লেমন খান ব্যাগটি পাওয়ার বিষয়টি জানিয়ে যথাযথভাবে মালিকের কাছে পুরো টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র বুঝিয়ে দেন।
অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি এবং একই উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। হারানো টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ফিরে পেয়ে তিনি লেমন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বর্তমান সময়ে এমন সততা, নৈতিকতা ও আমানতদারির দৃষ্টান্ত সত্যিই প্রশংসনীয়। লেমন খানের এই মানবিক উদ্যোগ সমাজের অন্যদেরও সততার পথে চলতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল।
