শপথ নিয়েই সংসদে খোলাবাজারে সার বিক্রির দাবি তুলব: মির্জা ফয়সল আমিন
ইপেপার / প্রিন্ট
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভূল্লী উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন ভূল্লীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ভূল্লী উপজেলাবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আপনাদের এই ভালোবাসা ও সমর্থনের মর্যাদা রাখতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ঠাকুরগাঁও একটি কৃষিপ্রধান অঞ্চল উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের কৃষকদের অন্যতম বড় সমস্যা সার। আগামী ৯ তারিখ সংসদে গিয়ে আমার প্রথম কাজ হবে ঠাকুরগাঁওয়ের মানুষ যেন খোলাবাজারে সার কিনতে পারেন, সেই ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া। কৃষকদের স্বার্থে সারের সহজলভ্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, কৃষকদের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এলাকার উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
এ সময় উপস্থিত সাধারণ মানুষ তাঁর বক্তব্যকে স্বাগত জানান এবং ঠাকুরগাঁওয়ের কৃষি ও সামগ্রিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, ঠাকুরগাঁও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
বক্তব্য শেষে ভূল্লী উপজেলার পাঁচটি ইউনিয়নের বিএনপির সভাপতি ও নির্বাচনী সমন্বয়কদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। এ সময় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
