সাভারে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
ইপেপার / প্রিন্ট
রাকিবুল ইসলাম রঞ্জু
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সাভার পৌর ৭ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। শুক্রবার সকালে সাভার পৌর ৭ নম্বর ওয়ার্ডের শাহীবাগ কমিশনার রোড থেকে শুরু হওয়া এ কার্যক্রমে অংশ নেন স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দারা। উদ্যোগটি নিয়েছেন সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মেধাবী ছাত্রনেতা তাজ খান নাঈম।
সকাল থেকেই ঝাড়ু হাতে সড়কে নেমে পড়েন স্বেচ্ছাসেবীরা। শাহীবাগ কমিশনার রোডসহ আশপাশের বিভিন্ন শাখা সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন তারা। পরিষ্কার করেন সড়কের বিভিন্ন অংশ। ডেঙ্গুর ঝুঁকি কমাতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ছাত্রদল নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী তাজ খান নাঈমের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে সহযোগিতা করেন সাভার হিউম্যান হেলপিং সোসাইটির সদস্যরা। পাশাপাশি শাহীবাগ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী খান ও বিশিষ্ট সমাজসেবক তাজুল ইসলাম।
এলাকাবাসীর মতে, ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতামূলক প্রচারণা নয়, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও জরুরি। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলে মনে করছেন তারা।
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও গুরুত্বপূর্ণ। তাই নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
