ব্রাজিল শিবিরে বড় পরিবর্তনের আভাস

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

বিশ্বকাপ অভিযান প্রত্যাশামতো শুরু করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সেই হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এখন হাইতির বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে সেলেসাওরা। আর সে লক্ষ্যেই দলে একাধিক পরিবর্তনের আভাস দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

 

- Advertisement -

ফিলাডেলফিয়ায় ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, দলের খেলার মান উন্নত করতে কিছু পরিবর্তন আনা হবে। যদিও কোন কোন পজিশনে বদল আসছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

 

আনচেলত্তি বলেন, “আমরা কিছু পরিবর্তন করব। আমাদের পারফরম্যান্স আরও উন্নত করতে হবে। এই দল আরও ভালো ফুটবল খেলতে সক্ষম, এবং আমরা সেটাই দেখতে চাই।”

 

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র দাবি, সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় আনচেলত্তি মজা করে বলেছিলেন যে দলে চার থেকে পাঁচটি পরিবর্তন আসতে পারে। পরে অবশ্য তিনি বিষয়টিকে নিছক রসিকতা বলেই ব্যাখ্যা করেন।

 

মরক্কোর বিপক্ষে ম্যাচে রাফিনিয়া, কাসেমিরোসহ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি। ফলে তাদের জায়গা নিয়ে আলোচনা শুরু হলেও প্রথম ম্যাচের ভিত্তিতে কাউকে বিচার করতে রাজি নন ব্রাজিল কোচ।

 

তিনি বলেন, “প্রথমার্ধে আমরা প্রত্যাশার অনেক নিচে খেলেছি। ব্রাজিলের জার্সির চাপ হয়তো খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলেছিল। তবে যারা ভালো খেলতে পারেনি, তাদের আমি আরও সুযোগ দিতে চাই। কারণ সেদিন পুরো দলই নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি।”

 

বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিল সর্বশেষ উদ্বোধনী ম্যাচে হেরেছিল ১৯৩৪ সালে। এরপর টানা ৯২ বছর প্রথম ম্যাচে পরাজয় এড়ালেও এবার মরক্কোর সঙ্গে ১-১ গোলের ড্রকে অনেকেই হতাশাজনক ফল হিসেবে দেখছেন।

 

দলের খেলার ধরন নিয়েও নিজের দর্শন স্পষ্ট করেছেন আনচেলত্তি। তার মতে, কোনো একক কৌশলের মধ্যে সীমাবদ্ধ না থেকে সব ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতাই একটি সফল দলের সবচেয়ে বড় শক্তি।

 

তিনি বলেন, “আমি দলের জন্য কোনো নির্দিষ্ট পরিচয় চাই না। আমি চাই, আমার দল যেন সব পরিস্থিতিতে এবং সব ধরনের ফুটবল খেলতে সক্ষম হয়।”

 

উল্লেখ্য, ‘সি’ গ্রুপে ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। ম্যাচটিতে জয় পেয়ে বিশ্বকাপে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইবে সেলেসাওরা।

এই বিভাগের আরও সংবাদ