ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: নিরাপত্তায় মাঠে থাকছে এসআরবি-১৩
ইপেপার / প্রিন্ট
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিশেষায়িত এ বাহিনী।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম, পিএসসি নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।
এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে তারা।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ডগ স্কোয়াড ও ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হবে। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় থাকবে বিশেষ নজরদারি।
নির্বাচন ঘিরে নাশকতা, সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময় কোনো সন্দেহজনক বস্তু বা পরিস্থিতি চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
ভোটাররা যাতে নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, প্রার্থী ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
