শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
ইপেপার / প্রিন্ট
ইয়াছিন মোড়ল, শ্যামনগর থেকে
সামাজিক সম্প্রীতি জোরদার, মানবিক মূল্যবোধের বিকাশ এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বانের মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগরে উদ্যাপিত হয়েছে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সংগঠনটির নিজস্ব মাঠে এ উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলার আয়োজন করা হয়। এতে উপজেলার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলেখালি ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার। সংগঠনটির সাধারণ সম্পাদক সাধন কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুদ্দিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম এবং সাংগঠনিক সম্পাদক কেএম হাবিবুর রহমান। এ ছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মিলনমেলায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা নিজ নিজ সংগঠনের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে এলাকার সামাজিক সমস্যা মোকাবিলা, মানবিক সহায়তা প্রদান এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা মনে করেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে বিপদগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। সমাজের কল্যাণে সম্মিলিত উদ্যোগকে আরও কার্যকর করার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য বলেন, স্বেচ্ছাসেবা কেবল কোনো কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হলে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সব স্বেচ্ছাসেবী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
