কালীগঞ্জে উইনকেরেক্স সিরাপসহ দুই মাদক কারবারি আটক
ইপেপার / প্রিন্ট
কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জের উজিরপুর বাজারে অভিযান চালিয়ে ১০০ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদক উইনকেরেক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ১০০ সিসি হিরো হোন্ডা স্প্লেন্ডার মোটরসাইকেল ও দুটি মোবাইল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে কালীগঞ্জ থানার চম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজারের চৌরাস্তা মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসআরবি খুলনা-৬ এর সাতক্ষীরা ক্যাম্প জানায়, কালীগঞ্জের তেতুলিয়া থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে গোপালগঞ্জ যাবেন এক ব্যক্তি—এমন খবরের ভিত্তিতে উজিরপুর বাজারে পূর্ব থেকেই অবস্থান নেয় এসআরবি-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল। বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে একটি মোটরসাইকেল থেকে জাহিদুল ইসলাম (৫০) ও তার সঙ্গী নুরুজ্জামান গাজী (৪২) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তিতে মোটরসাইকেল ও পিঠের ব্যাগ থেকে ১০০ বোতল নিষিদ্ধ ভারতীয় উইনকেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেল, ব্যাগসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক মাদক কারবারি ও বিক্রেতা নুরুজ্জামান গাজী কালীগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের আনোয়ার গাজীর ছেলে। অপর ক্রেতা মাদক কারবারি গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ থানার সুলতান শাহী গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম। মাদক কারবারি নুরুজ্জামান দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী ভারত থেকে নদী পার করে বিভিন্ন প্রকার মাদক এনে আন্তঃজেলা মাদক কারবারিদের নিকট বিক্রি করে আসছিল।
এসআরবি খুলনা-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শাহাজাহান জানান, মাদক ও অবৈধ বৈদেশিক পণ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে সাতক্ষীরা ক্যাম্পের এসআরবির সদস্যদের নিয়মিত অভিযানের ভিত্তিতে তাদের আটক করা হয়। উক্ত ঘটনায় এসআরবি খুলনা-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পরিচালক উপ-পরিদর্শক মামুন বাদী হয়ে মঙ্গলবার কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। এসআরবি-৬ সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার আরও জানান, অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।
