হাতীবান্ধায় আলিম পরীক্ষায় সাফল্যের শীর্ষে মৌলভী আবুল হাশেম আহমেদ সিনিয়র মাদরাসা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মৌলভী আবুল হাশেম আহমেদ সিনিয়র মাদরাসা ২০২৬ সালের আলিম পাবলিক পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। এ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মাদরাসাটিতে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ৭০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ২০২৬ সালের আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় পাসের হার ৭৩.১৭ শতাংশ। পাশাপাশি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে হাতীবান্ধা উপজেলায় একমাত্র জিপিএ-৫ অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবেও কৃতিত্ব অর্জন করেছে মাদরাসাটি।

এ সাফল্যের বিষয়ে মাদরাসার অধ্যক্ষ মুহাঃ মাহাবুল আলম বলেন, “এ কৃতিত্ব শুধু আমার একার নয়। শিক্ষার্থীরা অনেক পরিশ্রম করে লেখাপড়া করেছে। শিক্ষক-শিক্ষিকারাও দিনরাত তাদের পড়াশোনার তদারকি করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।” আগামী দিনগুলোতে যেন প্রতিষ্ঠানটি আরও ভালো ফলাফল অর্জন করতে পারে, সে জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

প্রতিষ্ঠানটির এ গৌরবময় অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মাদরাসার এমন সাফল্যে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।