মাইদুল ইসলাম (স্টাফ রিপোর্টার), নীলফামারী: নীলফামারী সদরের দারোয়ানি টেক্সটাইল মিল মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা এস্তেমা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে শুরু হয়েছে মানুষের ঢল। এস্তেমা চলবে আগামী শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ আয়োজনে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন।
এস্তেমা উপলক্ষে দারোয়ানি টেক্সটাইল মাঠে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। মুসল্লিদের অবস্থান, নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে। এছাড়াও, পানি ও প্রয়োজনীয় পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এস্তেমাকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আয়োজক-সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, তিন দিনব্যাপী এ ধর্মীয় সমাবেশে অর্ধলক্ষাধিক মুসল্লির সমাগম ঘটতে পারে। নীলফামারী জেলা ছাড়াও আশপাশের দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম জেলা থেকেও ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
এস্তেমায় অংশ নিতে বৃহস্পতিবার সকাল থেকেই মুসল্লিদের মাঠে আসতে দেখা যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মুসল্লিদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তিন দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় আলোচনা, নসিহত ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সময় কাটাবেন অংশগ্রহণকারী মুসল্লিরা।
এ ধরনের ধর্মীয় সমাবেশ মুসল্লিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় অনুশাসন পালনে উৎসাহ জোগায়। এস্তেমায় অংশগ্রহণের মাধ্যমে ধর্মীয় শিক্ষা গ্রহণ এবং নিজেদের জীবনকে ইসলামের আদর্শ অনুযায়ী পরিচালনার অনুপ্রেরণা পাবেন বলে আশা করছেন অংশগ্রহণকারীরা।
তিন দিনব্যাপী এস্তেমাকে ঘিরে দারোয়ানি টেক্সটাইল মাঠ এখন ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠছে। আগামী ৩১ অক্টোবর শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এস্তেমার সমাপ্তি হবে।