সংকট সমাধানে ববিতে ‘ক্যাম্পাস-২’ বিবেচনার আশ্বাস শিক্ষামন্ত্রীর
ইপেপার / প্রিন্ট
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত ও একাডেমিক সংকট দ্রুত সমাধান ও ক্যাম্পাস সম্প্রসারণের দাবির প্রেক্ষিতে ‘ক্যাম্পাস-২’ স্থাপনের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনকালে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘তোমাদের দাবি ক্যাম্পাসকে ৫০ একর থেকে ১০০ একরে উন্নীত করা। এখানে যদি পর্যাপ্ত জমি পাওয়া না যায়, তাহলে আমরা ‘ক্যাম্পাস-২’ করার বিষয়টি বিবেচনা করতে পারি। বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানে যা যা করা প্রয়োজন, সরকার তা করবে।’
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। ফলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অবকাঠামোগত ও একাডেমিক সংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ শিক্ষামন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি বলেন, প্রতিষ্ঠার ১৬ বছর পরও বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত একাডেমিক ভবন, আবাসিক হল ও অডিটোরিয়ামের সংকট রয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণ ও দ্রুত অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘শত প্রতিকূলতার মধ্যেও তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছো, এটি প্রশংসনীয়। যারা এখন শেষ বর্ষে রয়েছো, তারা হয়তো নতুন অবকাঠামোর সব সুবিধা পাবে না। তবে ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই এর সুফল ভোগ করবে।’
এর আগে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবি
নিময় করেন।
