শ্যামনগরের প্রত্যন্ত মীরগাং গ্রামে ইটের সোলিং রাস্তা নির্মাণ, দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৪

 

আব্দুল আলিম, শ্যামনগর, সাতক্ষীরাঃ

- Advertisement -

জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের আন্তরিকতা ও জনবান্ধব উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে শ্যামনগর উপজেলা প্রশাসন। সুন্দরবনসংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত মীরগাং গ্রামের দীর্ঘদিনের অবহেলিত একটি মাটির রাস্তা অবশেষে ইটের সোলিংয়ে উন্নীত হয়েছে।

পরিতোষ মন্ডলের বাড়ি থেকে ইউনুচ ঢালীর বাড়ি অভিমুখী রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় বাসিন্দাদের।

জানা যায়, কিছুদিন আগে মীরগাং গ্রামে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করতে গিয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামসুজ্জাহান কনক। এ সময় এলাকাবাসী তাঁদের দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে রাস্তাটি ইটের সোলিং করে দেওয়ার অনুরোধ জানান।

জনগণের দাবির গুরুত্ব বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। তাঁর উদ্যোগে উপজেলা পরিষদের অর্থায়নে রাস্তাটির ইটের সোলিংয়ের কাজ সম্পন্ন হয়।

আজ আনন্দঘন পরিবেশে নবনির্মিত রাস্তাটির শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ মিরাজ হোসেনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।

উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামসুজ্জাহান কনক বলেন, “জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ের সমস্যা সমাধান করাই আমাদের অন্যতম দায়িত্ব। প্রত্যন্ত অঞ্চলের মানুষের ছোট ছোট প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনস্বার্থসংশ্লিষ্ট এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

রাস্তাটি নির্মিত হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। বিশেষ করে বর্ষাকালে কাদা-পানির কারণে চলাচলে যে চরম দুর্ভোগ সৃষ্টি হতো, তা থেকে মুক্তি পাওয়ার প্রত্যাশায় আনন্দিত স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের একটি ন্যায্য দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়ন করায় তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামসুজ্জাহান কনকের প্রতি কৃতজ্ঞ। তাঁদের মতে, এ ধরনের জনবান্ধব উদ্যোগ গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের এমন উদ্যোগ প্রত্যন্ত জনপদে আশার আলো ছড়াচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ