দীর্ঘ প্রতীক্ষার অবসান, আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন আতিফ আসলাম

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

বাংলাদেশে আবারও কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’। গত বছরের স্থগিত হওয়া কনসার্ট পূর্ণাঙ্গ আয়োজনের মধ্য দিয়ে শিগগিরই দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’।

 

গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আতিফ আসলামের কনসার্টটি। টিকিট বিক্রি, শিল্পীর সঙ্গে সব প্রস্তুতি শেষ হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর জারি হওয়া নিরাপত্তাজনিত পরিস্থিতির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় অনুষ্ঠানের মাত্র দুই দিন আগে কনসার্টটি স্থগিত করা হয়।

 

- Advertisement -

কনসার্টটি স্থগিত হওয়ার পর আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছিল, অনুষ্ঠানটি বাতিল নয়; বরং পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় আয়োজন করা হবে। একই সময়ে আতিফ আসলামও তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের ভক্তদের উদ্দেশ্যে একটি বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি জানান, তিনি আবারও বাংলাদেশে ফিরবেন এবং আগের কনসার্টের জন্য কেনা টিকিট পুনঃনির্ধারিত আয়োজনের জন্য বৈধ থাকবে।

 

উল্লেখ্য, একই সময়ে বাংলাদেশে আরও পাঁচটি আন্তর্জাতিক কনসার্ট স্থগিত হয়েছিল। এর মধ্যে ছিল আলী আজমত, জাল, অনুব জৈন, কাভিশ এবং আতিফ আসলামের কনসার্ট। স্থগিত হওয়া এসব কনসার্টের আয়োজকেরা পুনরায় অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিলেও, সবার আগে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক অনুমোদন, নিরাপত্তাসহ ছাড়পত্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যান্য অনুমতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। কনসার্টের ভেন্যু শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

 

আগের টিকিটধারীদের জন্য যা জানা জরুরি

 

২০২৫ সালের মেইন স্টেজ শো এর জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাঁদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না।

 

তাঁদের mainstage.show ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত Re-Apply প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন সাইট শেষে তাঁদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই তা ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। যারা আগের টিকিট ফেরত দিয়ে রিফান্ডের জন্য আবেদন করেছিলেন, তাঁরাও mainstage.show-এর মাধ্যমে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনর্বহালের জন্য আবেদন করতে পারবেন। আবেদন সাইট শেষে তাঁদের জন্যও নতুন টিকিট ইস্যু হবে এবং বিনামূল্যে তাঁদের কাছে পৌঁছে দেওয়া হবে।

 

নতুন টিকিট বিক্রি

 

নতুন দর্শকদের জন্য সীমিত সংখ্যক টিকিট বিক্রি করা হবে GetMyTicket.live-এর মাধ্যমে। টিকিট বিক্রির তারিখ, মূল্য, ক্যাটাগরি এবং অন্যান্য তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

 

‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’ এর পরিচালক কাজী রাফসান বলেন, গত বছর কনসার্টটি স্থগিত হওয়ার পর আমরা দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুযোগ পেলেই এই আয়োজন আবারও ফিরিয়ে আনব। গত কয়েক মাসে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমোদন ও প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি—এটাই সবচেয়ে বড় আনন্দ। ২৪ জুলাই আমরা গত বছরের অসমাপ্ত অধ্যায়টি পূর্ণতা দিতে চাই।

 

তিনি আরও বলেন, এটি শুধু একটি কনসার্ট নয়; এটি আমাদের দেওয়া একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন। যারা গত বছর টিকিট কিনেছিলেন, তাঁদের আমরা ৭ মাসেরও বেশি সময় জানিয়ে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নতুন টিকিট ইস্যু করব।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের ভেন্যু, টিকিট বিক্রির তারিখ এবং অন্যান্য বিস্তারিত তথ্য আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ