হাইতির বিপক্ষেও খেলা হচ্ছে না নেইমারের

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ব্রাজিল দলে নেইমারের ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে দলের দ্বিতীয় ম্যাচেও মাঠে নামতে পারবেন না এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

 

- Advertisement -

পায়ের মাংসপেশির চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি নেইমার। বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ৩৪ বছর বয়সী এই তারকা দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাবেন না। পুনর্বাসনের শেষ ধাপটি সম্পন্ন করতে তিনি নিউ জার্সিতেই অবস্থান করবেন।

 

সংস্থাটি জানায়, নেইমার নিউ জার্সির দা রিজ হোটেল ও কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারের আধুনিক সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজের পুনরুদ্ধার প্রক্রিয়া চালিয়ে যাবেন।

 

বুধবার আলাদা অনুশীলন সেশনে বুট পরে বল নিয়ে ওয়ার্ম-আপ করতে দেখা যায় তাকে। পরে তিনি দলের সঙ্গে কিছু সময় অনুশীলনেও অংশ নেন। তবে এখনো ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচদের নিবিড় তত্ত্বাবধানে কাজ করছেন এবং বেশিরভাগ অনুশীলনই করছেন ইনডোরে।

 

নেইমারের মাঠে ফেরার ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে চাইছে না ব্রাজিল। গত মাসে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের মাংসপেশিতে চোট পান তিনি। চোটপ্রবণ ক্যারিয়ারে এটি তার আরেকটি ধাক্কা। প্রায় তিন বছর ধরে জাতীয় দলের জার্সিতে খেলেননি এই তারকা ফুটবলার।

 

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে অভিযান শুরু করেছে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামী শনিবার সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

 

‘সি’ গ্রুপে এক ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্কটল্যান্ড। মরক্কো ও ব্রাজিলের সংগ্রহ ১ পয়েন্ট করে, তবে গোল ব্যবধানে মরক্কো দ্বিতীয় এবং ব্রাজিল তৃতীয় স্থানে আছে। এখনও কোনো পয়েন্ট না পাওয়া হাইতি অবস্থান করছে গ্রুপের তলানিতে।

এই বিভাগের আরও সংবাদ