কায়রোতে সম্মাননা পেলেন আমার দেশ সহসম্পাদক আলী হাসান তৈয়বসহ ৬ ইসলামী ব্যক্তিত্ব

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের রাজধানী কায়রোতে ইসলাম প্রচার ও প্রসারে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশের ছয়জন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। সম্প্রতি কায়রোর নাদিউজ জাহির হলে ঐতিহ্যবাহী আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর’ এই সংবর্ধনার আয়োজন করে। ‘আওসবি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ শীর্ষক ওই বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের কৃতি ও মেধাবী মুখগুলোকে এই স্বীকৃতি জানানো হয়।

সম্মাননা প্রাপ্তদের তালিকায় উল্লেখযোগ্য নাম হলো দৈনিক আমার দেশের সহসম্পাদক শায়খ আলী হাসান তৈয়ব। এ ছাড়াও সম্মাননা অর্জনকারী অন্য পাঁচজন হলেন বাংলাদেশ লেখক পরিষদের সভাপতি মাওলানা সৈয়দ শামসুল হুদা, অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক, মাওলানা রুহুল আমীন, মাওলানা আব্দুল্লাহ আল-মনসুর ও মাওলানা মুহাম্মদ মাসউদ। তারা প্রত্যেকেই বর্তমানে বাংলাদেশ থেকে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বৃত্তির আওতায় উচ্চতর খতিব-দাঈ ও ফতোয়া গবেষক প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

- Advertisement -

অনুষ্ঠানে মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে, আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ মিশরের সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব এবং সংগঠনের সাবেক দায়িত্বশীল মাওলানা মোশাররফ হোসাইন আযহারী উপস্থিত থেকে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। মূল আয়োজনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও এমফিল সম্পন্নকারী এবং স্নাতক পর্যায়ে অসাধারণ ফলাফল অর্জনকারী শতাধিক কৃতি শিক্ষার্থীকেও সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে কোরআন তিলাওয়াত, অতিথিদের আলোচনা এবং কৃতী শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে মেধার স্বাক্ষর রাখা ৫৭ জন বাংলাদেশি শিক্ষার্থীর সাফল্যে বিশেষ সন্তোষ প্রকাশ করেন এবং প্রবাসে শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে একটি বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি টানা হয় এবং আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী বাঙালি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ