আব্দুল আলিমঃ শ্যামনগর,সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকার একটি ধানক্ষেত থেকে নিখোঁজের চার দিন পর মনোরঞ্জন মণ্ডল (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ধানক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা তাঁকে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মনোরঞ্জন মণ্ডল গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। সোমবার সকালে শৈলখালী মাঠের পাশের একটি ধানক্ষেতে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।