নীলফামারীতে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন জেলা পরিষদ প্রশাসক

মাইদুল ইসলাম (নীলফামারী) স্টাফ রিপোর্টার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারী সদর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজার আয়োজন নির্বিঘ্ন করতে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি সদর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএবি) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের দিকনির্দেশনায় জেলা পরিষদের পক্ষে এসব কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। তিনি দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, শ্রমিক দলের সভাপতি নুর আলম, যুবদলের সাবেক যুবনেতা মুকুল, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মানিক রতন, নগর দারোয়ানী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি রায়হান উজ্জামান মোল্লা (মিলন), আমরা জুলাই যোদ্ধা নীলফামারী জেলা শাখার আহ্বায়ক শাহরিয়ার হোসেন হাবিল, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শামীম রহমান আবির এবং সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সম্মিলিত অংশগ্রহণে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা প্রয়োজন। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদানের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।