ঠাকুরগাঁও প্রতিনিধি
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের পরিবেশ প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।
রোববার (২৫ অক্টোবর) এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
এতে বলা হয়েছে, নির্বাচনী কার্যক্রমে যুক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ নির্ধারিত সময়ে নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।
ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
ঠাকুরগাঁও-১ আসনের এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী।
তারা হলেন— বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।