আশাশুনিতে গাড়ি চুরি চোর চক্রকে শনাক্ত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কালী বাড়ি এলাকা থেকে সোমবার বিকেলে একটি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মালিকের নাম শরিফুল ইসলাম। তিনি আশাশুনি থানার চাকলা গ্রামের বাসিন্দা।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল ৪টার সময় আশাশুনি কালী বাড়ির সামনে গাড়িটি লক করে রেখেছিলেন শরিফুল ইসলাম। মাত্র কিছুক্ষণের ব্যবধানে অজ্ঞাতনামা চোর চক্র গাড়িটি নিয়ে চম্পট দেয়। পরবর্তীতে নির্দিষ্ট স্থানে গাড়িটি না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মালিক। তবে সম্ভাব্য সকল জায়গায় সন্ধান করেও এখন পর্যন্ত গাড়ির কোনো হদিস মেলেনি। দিনদুপুরে এমন চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী শরিফুল ইসলাম জানান, গাড়িটি তার আয়ের অন্যতম প্রধান উৎস ছিল। এটি হারিয়ে তিনি এখন মানসিকভাবে ভেঙে পড়েছেন। গাড়িটি ফিরে পেতে এবং চোর চক্রকে সনাক্ত করে আইনের আওতায় আনতে তিনি স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সর্বাত্মক সহায়তা কামনা করেছেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান, দ্রুত সিসিটিভি ফুটেজ পরীক্ষা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিলে গাড়িটি উদ্ধার করা সম্ভব। এই বিষয়ে কোনো সহৃদয় ব্যক্তি গাড়ির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা পুলিশ অথবা গাড়ির মালিকের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।