আব্দুল আলিমঃ শ্যামনগ,সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে আমন মৌসুমে ধান কর্তন ও উচ্চফলনশীল শাকসবজি উৎপাদন বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে লিডার্স (LEDARS) বাস্তবায়িত ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (CALL) প্রকল্পের উদ্যোগে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ০৮ নং ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জি. এম. শফিউল আলম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব জাহানারা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব শ্যামল কুমার মন্ডল, ইউনিয়ন এমএসপি (MSP) পুষ্টি কমিটির সদস্য ও ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কমলা রানি মৃধা এবং লিডার্সের CALL প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জনাব সুব্রত কুমার গাইন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক-কৃষাণী, ধুমঘাট চরারচা জলবায়ু সহনশীল দলের সভাপতি বিকাশ চন্দ্র গাইন, সাবেক ইউপি সদস্য বীরেন্দ্র নাথ বিশ্বাস এবং লিডার্সের CALL প্রকল্পের মাঠ সহায়ক কানিজুর রহমান, অনুপ কুমার মন্ডল ও সালমা খাতুন।
মাঠ দিবসে আমন মৌসুমের উচ্চফলনশীল ও সম্ভাবনাময় ধানের জাত ব্রি ধান-১০৩ ও বিনা ধান-২৩-এর চাষাবাদ, ধান কর্তন এবং উৎপাদন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উচ্চফলনশীল সবজি হিসেবে মিষ্টিকুমড়া ও তরমুজ চাষের বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা, খরা ও জলবায়ু পরিবর্তনজনিত প্রতিকূলতা মোকাবিলায় উপযোগী ফসল নির্বাচন, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধির কৌশল সম্পর্কে কৃষকদের পরামর্শ দেওয়া হয়।
বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিতে বৈচিত্র্য আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধান চাষের পাশাপাশি মিষ্টিকুমড়া ও তরমুজের মতো উচ্চফলনশীল সবজি চাষ কৃষকদের আয় বৃদ্ধি এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে উন্নত জাতের ধান ও সবজি চাষের মাধ্যমে সীমিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত কৃষক-কৃষাণীরা তাঁদের অভিজ্ঞতা, কৃষিকাজের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁরা জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি গ্রহণ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।
লিডার্সের CALL প্রকল্প স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের টেকসই কৃষি চর্চায় উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে।