কবি নজরুলের শেষ জীবন কাটানো কলকাতার ফ্ল্যাটটি কিনে নিতে চান নাতনি মিষ্টি কাজী
ইপেপার / প্রিন্ট
আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের শেষ দিনগুলো যেখানে কেটেছিল, কলকাতার সেই ঐতিহাসিক ফ্ল্যাটটি স্থায়ীভাবে কিনে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তাঁর নাতনি মিষ্টি কাজী। সম্প্রতি এ বিষয়ে কলকাতার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক আলোচনাও সম্পন্ন হয়েছে। কবির পরিবারের এমন উদ্যোগে সাহিত্যপ্রেমী মহলে বেশ ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে।
কলকাতা পৌর করপোরেশনের প্রশাসক স্মিতা পান্ডের সঙ্গে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ঢাকার অগ্নিবীণা সংগঠনের সভাপতি রবীন মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। বৈঠকে কবির কলকাতার ওই ফ্ল্যাটটির বর্তমান অবস্থা এবং সেটি রক্ষণাবেক্ষণের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।
নজরুল পরিবারের এই দীর্ঘদিনের দাবি ছিল কবির স্মৃতিধন্য স্থানগুলো যথাযথভাবে সংরক্ষণ করা। কলকাতার যে ফ্ল্যাটে কবি জীবনের একটি দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন, সেটি সাহিত্যিক ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ফ্ল্যাটটি ব্যক্তিগত মালিকানা থেকে মুক্ত করে যথাযথ মর্যাদায় সংরক্ষণের পরিকল্পনা চলছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ফ্ল্যাটটি মিউজিয়াম বা নজরুল স্মৃতিকেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে তা দুই বাংলার সাহিত্যপ্রেমীদের জন্য এক অনন্য প্রাপ্তি হবে। আলোচনা ইতিবাচকভাবে এগোলে খুব দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
