চীনের পর রাশিয়ারও পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তি দেওয়ার প্রস্তাব, কী ভাবছে ভারত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সম্প্রতি চীনের মহাকাশযানে চড়ে প্রথম পাকিস্তানি নভোচারী হিসেবে মহাকাশে পাড়ি জমিয়েছেন মোহাম্মদ জিশান আলী। কাকতালীয়ভাবে ঠিক ওই দিনই পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তি ও অভিজ্ঞতা দেওয়ার বড় ধরনের প্রস্তাব দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ মহাকাশ শক্তি রাশিয়া। মস্কোতে অনুষ্ঠিত পাকিস্তান ও রাশিয়ার মধ্যকার আন্তঃসরকারি কমিশনের বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। বৈঠকে জ্বালানি, কৃষি, তথ্যপ্রযুক্তি এবং বাণিজ্য খাতের পাশাপাশি বিজ্ঞান ও মহাকাশ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একটি অর্থনৈতিক প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সম্ভাব্য মস্কো সফরের আগে রাশিয়ার এই প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

রুশ জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলেভ জানিয়েছেন, স্যাটেলাইট নেভিগেশন ও যোগাযোগ, রিমোট সেন্সিং, মানববাহী মহাকাশ অভিযান এবং মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে নিজেদের দীর্ঘ অভিজ্ঞতা পাকিস্তানের সঙ্গে ভাগাভাগি করতে প্রস্তুত মস্কো। পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এতদিন মহাকাশ প্রযুক্তির জন্য মূলত চীনের ওপর নির্ভরশীল ছিল ইসলামাবাদ। এখন রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়লে স্যাটেলাইট উৎক্ষেপণ, নকশা তৈরি, তথ্য বিনিময় এবং বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রশিক্ষণের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এছাড়া রিমোট সেন্সিং প্রযুক্তি জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং কৃষিক্ষেত্রে, বিশেষ করে বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ ও ফসল উৎপাদনের পরিকল্পনায় পাকিস্তানকে দারুণভাবে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

- Advertisement -

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই প্রস্তাব কেবল বৈজ্ঞানিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে গভীর ভূরাজনৈতিক সমীকরণ কাজ করছে। নব্বইয়ের দশকের শেষ দিক থেকে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের কারণে রাশিয়া কিছুটা অস্বস্তিতে রয়েছে এবং তাদের ধারণা ভারত ধীরে ধীরে মার্কিন শিবিরের দিকে ঝুঁকছে। দক্ষিণ এশিয়ার প্রতি রাশিয়ার নীতিতে পরিবর্তন আসায় ভারতের পাশাপাশি এখন পাকিস্তানও তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মস্কো ও ইসলামাবাদের স্বার্থ অনেকটাই অভিন্ন। অন্যদিকে, রুশ নির্মিত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনা নিয়ে ভারতের দ্বিধাগ্রস্ত অবস্থানের প্রেক্ষাপটে মস্কো এই পদক্ষেপের মাধ্যমে নয়াদিল্লির কাছে একটি পরোক্ষ কূটনৈতিক বার্তাও পাঠাচ্ছে।

এদিকে পাকিস্তানের ক্রমবর্ধমান মহাকাশ সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাদের দাবি, পাকিস্তানি উপগ্রহগুলো থেকে ভারতের বিভিন্ন সেনাছাউনির রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিগত কিছু সময়ে বেশ কয়েকটি ভূ-পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান, যা জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও হরিয়ানাসহ উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকার ওপর নজরদারি চালাতে সাহায্য করছে। চীনা সহায়তাতেই মূলত এই উপগ্রহগুলো মহাকাশে স্থাপন করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মতে, স্বল্প সময়ে এতগুলো উপগ্রহ উৎক্ষেপণ স্বাভাবিক ঘটনা নয় এবং এগুলো সামরিক কাজে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ