শ্যামনগরে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ ৩০ লাখ টাকার মালামাল খোয়া
ইপেপার / প্রিন্ট
ইয়াছিন মোড়ল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে এক বাড়িতে সন্ধ্যার রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত রোববার রাত ৬টা হতে ৮টার মধ্যে উপজেলার গোপালপুর গ্রামে শিক্ষক আশরাফ হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটে।
বাড়ির মালিক আশরাফ হোসেন জানান, ঘটনার সময় তার স্ত্রী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরীরত ছিলেন এবং তিনি বাড়িতে ছিলেন না। সুযোগ বুঝে চোরেরা দ্বিতল ভবনযুক্ত বসতবাড়ির ক্লোজিপল গেটের তালা কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের ড্রয়ারের তালা ভেঙে ড্রয়ার ও অন্যান্য স্থানে রক্ষিত নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, স্বর্ণের ৬টি রুলি, স্বর্ণের দুল ৪ জোড়া, স্বর্ণের নেকলেস ১ জোড়া, স্বর্ণের চেইন ১টি, স্বর্ণের আংটি ৩টি এবং ডায়মন্ডের নাকফুল ৩টি চুরি করে নিয়ে যায়। এ ছাড়া আলমারিতে রাখা নতুন জামাকাপড়, যার আনুমানিক মূল্য ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা, সেগুলোও চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ- (ত্রিশ লক্ষ) টাকা।
বাড়িতে এসে তিনি বিষয়টি বুঝতে পেরে শ্যামনগর থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় শিক্ষক আশরাফ হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
শ্যামনগর থানার ওসি মো. শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
