পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার
ইপেপার / প্রিন্ট
পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া যুবককে পুনরায় গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা।
গ্রেপ্তারকৃত মো. কবির জমাদ্দার (২৮) পিরোজপুরের ভান্ডারিয়া থানাধীন লক্ষীপুরা গ্রামের মালেক জমাদ্দারের ছেলে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।
এর আগে বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানা এলাকা থেকে পলাতক মো. কবির জমাদ্দারকে গ্রেপ্তার করে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ২৩ মে সকাল ৯টার দিকে ভান্ডারিয়া থানাধীন ভিটাবাড়িয়া ইউনিয়নের মেদিরাবাদ এলাকায় ২৫-৩০ জনের সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে মোর্শেদা আক্তারের বাড়িতে হামলা চালায়। সে সময় তারা বসত ঘর ভাঙচুরসহ বাড়ির বাগানে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। যে ঘটনা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারে পুলিশ।পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে শিয়ালকাঠী এলাকার আ. রব ঘরামীর ছেলে মো. নাছির ঘরামী ও লক্ষীপুরা এলাকার মালেক জমাদ্দারের ছেলে মো. কবির জমাদ্দারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অভিযুক্তদের নিয়ে থানায় যাওয়ার সময় উত্তর শিয়ালকাঠী এলাকায় ১০-১৫টি মোটরসাইকেল পুলিশের গাড়ির গতিরোধ করে। সে সময় পুলিশ সদস্যদের মারধর করে জখম করার পাশাপাশি অবরুদ্ধ করে রাখে এবং গ্রেপ্তারকৃত অভিযুক্তদের ছিনিয়ে নিয়ে যায়। এরপর বিষয়টি থানা পুলিশ জানতে পেরে অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসলে হামলাকারীরা গ্রেপ্তারকৃত অভিযুক্তদেরকে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন এবং ছিনতাইকৃত অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য র্যাব-৮ এর অধিনায়ক বরাবর অধিযাচন পত্র প্রেরণ করে। এর ধারাবাহিকতায় র্যাব-৮ এর সিপিএসসি’র সদস্যরা ছায়াতদন্ত ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবস্থান শনাক্ত করে কবিরকে গ্রেপ্তার করে।
