বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার
ইপেপার / প্রিন্ট
বগুড়ার শেরপুরে একটি রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান থেকে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলার আসামি ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় অবস্থিত হোটেল মকটেল থেকে তাকে আটক করে শেরপুর থানা পুলিশ।
জানা যায়, তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া সভাপতি ও বাগেরহাট সরকারি ম্যাটসের ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন। তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে হোটেল মকটেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডা. মিশুকে জন্মদিনের কেক কাটতে দেখা যায়। পরে বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে দায়ের করা জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, বগুড়া সদর থানার একটি মামলার ভিত্তিতে তাকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
জানা গেছে, ডা. সামির হোসেন মিশুর বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি নাশকতার মামলা রয়েছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখা এবং বঙ্গবন্ধু পরিষদের বগুড়া শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি বাগেরহাট (আইএসটি) সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে ডা. সামির হোসেন মিশু গরিবের ডাক্তার হিসেবে পরিচিত। এছাড়া তিনি পুন্ড্র পদকপ্রাপ্ত হিসেবেও সুপরিচিত।
