প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফর বহরে থাকছেন যারা
ইপেপার / প্রিন্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে তার আনুষ্ঠানিক কার্যক্রম। জাতিসংঘের মঞ্চে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও বাংলাদেশের ভবিষ্যৎ ভাবনা তুলে ধরবেন সরকারপ্রধান।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সফর নিয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ তথ্য জানান। তিনি বলেন, কার্যকর কূটনৈতিক কর্মসূচির জন্য যতটুকু সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী এবার ততটুকুই সময় নির্ধারণ করেছেন।
প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত তুলে ধরে গণমাধ্যমে ব্রিফ পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এতে গুরুত্ব পাবে গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার। রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে পৃথক সাইড ইভেন্টেও বক্তব্য রাখবেন তারেক রহমান। দ্বিপাক্ষিক বৈঠক করবেন কুয়েত, ক্রোয়েশিয়া, পাকিস্তান ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে।
আসাদ আলম সিয়াম বলেন, এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যাও সীমিত। বহরে থাকছেন ৩৫ জন। তাদের মধ্যে থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আরও থাকবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন।
পররাষ্ট্র সচিব আরও জানান, কার্যকর সফরের জন্য যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকু সময়ই নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী।
