তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ: ঢাকা জেলা যুবদল সভাপতি
ইপেপার / প্রিন্ট
রাকিবুল ইসলাম রঞ্জু
‘পরিকল্পিত আওয়ামী সন্ত্রাসের’ বিরুদ্ধে আজ বুধবার ঢাকা জেলা যুবদলের উদ্যোগে সাভার মডেল মসজিদের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ক্ষমতা কুক্ষিগত করে গণতন্ত্রপ্রিয় জনগণকে হত্যা, গুম খুন করেছে। জুলাই আন্দোলনে শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। কিন্তু গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে পাশের দেশে অবস্থান নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। এ বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্রপ্রিয় প্রতিটি মানুষকে জেগে উঠতে হবে।
এতে আরো বক্তব্য দেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইউব খান, সিনিয়র সহসভাপতি হাসেম বেপারী। সভা পরিচালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী মো. মাসুম। বক্তব্য দেন জেলার সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, যুবদল নেতা তপন মোল্লা, রকিব দেওয়ান রকি, ইবাদুল হক জাহিদ, শহিদুল ইসলাম শহীদ, ফজলুল হক বেলায়েতী, সুরুজ্জামান, খুররম চৌধুরী লিটন, ইসতিয়াক আহম্মেদ ফারুক, তাজুল ইসলাম, সহ আরো অনেকেই।
যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, আওয়ামী লীগের যেকোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা জেলা যুবদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে অবস্থান করছে।
তিনি আরো বলেন, আমাদের একটাই চাওয়া আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন, সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকব। সব ষড়যন্ত্র মোকাবেলা করে তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ।
