সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডকে বাসযোগ্য করার অঙ্গীকার আশরাফুল ইসলামের

রাকিবুল ইসলাম রঞ্জু

সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডকে আধুনিক, নিরাপদ ও সবার জন্য বাসযোগ্য একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন সাভার পৌর যুবদল নেতা, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল ইসলাম আরিফ। স্থানীয় নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় জানান তিনি।

ওয়ার্ডবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, একটি বাসযোগ্য এলাকার জন্য উন্নত যোগাযোগব্যবস্থা, সুষ্ঠু ড্রেনেজ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা, নিরাপদ পরিবেশ এবং নাগরিক সুবিধার সহজলভ্যতা অত্যন্ত জরুরি। আশরাফুল ইসলাম আরিফ মনে করেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

এ বিষয়ে নিজের ভাবনা তুলে ধরে আশরাফুল ইসলাম আরিফ বলেন, “সাভার পৌর ৯ নম্বর ওয়ার্ডকে সবার জন্য বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।” তিনি এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয়দের মতে, নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনা ও আন্তরিক উদ্যোগ থাকলে ওয়ার্ডের সার্বিক চিত্র বদলে দেওয়া সম্ভব।