সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের রাফেল ড্র অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম রঞ্জু

সাভারে উৎসবমুখর পরিবেশে ‘ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (সিজন ৪)’-এর রাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। এলাকার যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলামুখী করার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও টুর্নামেন্টের পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন— ঢাকা জেলা যুবদল নেতা এবং আসন্ন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোঃ ইয়াছিন সরকার শাওন।

রাফেল ড্র অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন দলের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইয়ার মোঃ ইয়াছিন সরকার শাওন বলেন, “তরুণ সমাজকে অপরাধ ও মাদকের হাত থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ বিনোদন ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব তৈরি করতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” তিনি টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং অংশগ্রহণকারী সকল দলের প্রতি শুভকামনা জানান।

রাফেল ড্রয়ের মাধ্যমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস ও উদ্বোধনী ম্যাচের সূচি চূড়ান্ত করা হয়। খুব শীঘ্রই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের খেলাগুলো মাঠে গড়াবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।