শ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতা মো. আবু কালামের

রাকিবুল ইসলাম রঞ্জু

চলমান পরিস্থিতিতে শ্রমিকদের স্বার্থ রক্ষা ও শিল্পের চাকা সচল রাখতে অবিলম্বে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা মো. আবু কালাম। আজ এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

শ্রমিক নেতা মো. আবু কালাম বলেন, পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। এই শিল্পের সাথে লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকা জড়িত। কোনো ধরনের গুজবে কান না দিয়ে কিংবা উসকানিতে প্ররোচিত না হয়ে সকল শ্রমিককে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং নিজ নিজ কর্মস্থলে ফিরে কাজে যোগ দিতে হবে।

তিনি আরও বলেন, কর্মপরিবেশ বিনষ্ট হলে বা কারখানা বন্ধ থাকলে শ্রমিক এবং মালিক—উভয় পক্ষই ক্ষতির সম্মুখীন হবে। তাই শিল্পের সুরক্ষা এবং নিজেদের জীবিকা নিশ্চিত করতে তিনি সকল পোশাক শ্রমিককে অবিলম্বে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার জোর আহ্বান জানান।