*শ্যামনগরে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট, ট্যাংক পরিষ্কারের দায়িত্ব দেওয়ায় নড়েচড়ে বসেছে শিক্ষা বিভাগ*।
*শ্যামনগর প্রতিনিধি*
*সংবাদদাতা: জিয়াউর রহমান জিয়া*
*দৈনিক আমাদের দেশ*
*শ্যামনগর, সাতক্ষীরা । ২৭ জুলাই ২০২৬:* শ্যামনগর উপজেলার ১২০ নম্বর দক্ষিণ ছোটকুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. ইয়ামিন হোসেন।
ঘটনাটি ঘটে গত ২১ জুলাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের নির্দেশে ছোট ইয়ামিন ছাদের পানির ট্যাংক পরিষ্কার করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন।
এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিভাবক ও স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, কেন এত ছোট একটি শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হলো।
ঘটনার খবর পেয়ে ২৩ জুলাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীকে দেখে আসেন। একই সাথে তিনি ঘটনার সাথে জড়িত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম এবং সহকারী শিক্ষক নাজমুন নাহার আক্তারের কাছে লিখিত ব্যাখ্যা তলব করেছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক বলেন, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিবেদন পাঠানো হবে।