শ্যামনগরে মেঠোপথের দুপাশে ফলজ গাছের চারা রোপণ

 

আব্দুল আলিম, শ্যামনগর প্রতিনিধি:
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার ১নং ওয়ার্ডের ইছাকুড় মেঠোপথের দুপাশে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং এখওয়ান সমাজকল্যাণ সংস্থার অর্থায়নে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে আম, কতবেল ও তেঁতুলসহ বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জনাব ওয়ালিউর ইসলাম। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু চারা রোপণ নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন এখওয়ান সমাজকল্যাণ সংস্থার সভাপতি গোলাম মোস্তফা ও Coastal Sustainable Development (CSD)-এর সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম।
তিনি বলেন, বৃক্ষরোপণ একটি দীর্ঘমেয়াদি সামাজিক ও পরিবেশগত বিনিয়োগ। একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ছায়া, ফল, অক্সিজেন ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে। তাই রাস্তার দুপাশে পরিকল্পিতভাবে ফলজ বৃক্ষ রোপণের পাশাপাশি এগুলোর পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীল শ্যামনগর গড়ে তুলতে এখওয়ান সমাজকল্যাণ সংস্থা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, সাবেক সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মো আব্দুল মতিন ও সদস্য সচিব আবু তালেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

বিএনপি নেতৃবৃন্দ বলেন, উপকূলীয় শ্যামনগর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা। এ অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের জন্য ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ জরুরি। দল-মত নির্বিশেষে সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, রাস্তার পাশে ফলজ বৃক্ষ রোপণের ফলে একদিকে যেমন এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে ভবিষ্যতে স্থানীয় মানুষ এসব গাছ থেকে ফল ও ছায়া পাবেন। পাশাপাশি এটি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় বাসিন্দারাও এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান এবং বৃক্ষগুলো রক্ষায় সহযোগিতার আশ্বাস দেন। আয়োজক এখওয়ান সমাজকল্যাণ সংস্থা জানায়, পরিবেশ সুরক্ষা, সবুজায়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম পর্যায়ক্রমে আরও সম্প্রসারণ করা হবে।