শেখ হাসিনাকে কীভাবে ফেরাবে ভারত, সিদ্ধান্ত তাদেরই: চিফ প্রসিকিউটর

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত কোন আইনি প্রক্রিয়া অনুসরণ করবে, সে সিদ্ধান্ত ভারতের নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

 

রোববার (১৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

 

সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের আদালতের অনুমোদনের প্রয়োজন হতে পারে।

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এখন ভারতীয় কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেবে এবং কোন প্রক্রিয়ায় তাকে বাংলাদেশে পাঠাবে, তা তাদের বিষয়। আদালতের অনুমোদন নেবে, নাকি সরকারের সিদ্ধান্তে তাকে পাঠাবে—সেটি ভারতর বিষয়।

 

ভারতের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে এর বেশি মন্তব্য করতে চাননি চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ভারতীয় আইনে এ ধরনের প্রত্যর্পণের ক্ষেত্রে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে, সেটি বাংলাদেশের পক্ষ থেকে নির্ধারণ করার বিষয় নয়।

 

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেশে একাধিক মামলা বিচারাধীন এবং একটিতে তিনি ইতোমধ্যে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তাই তাকে দ্রুত দেশে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা অত্যন্ত জরুরি। তিনি নিজেও বলেছেন ডিসেম্বরে তিনি আসবেন। আমরা মনে করি, তাকে এর আগেই ইন্ডিয়ান গভর্নমেন্টের পাঠানো উচিত।

 

  • শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আইনি ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে বলেও জানান মো. আমিনুল ইসলাম। শেষ পর্যন্ত তাকে হস্তান্তরের বিষয়টি ভারতের আইন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং দুই দেশের পারস্পরিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।