মাঠে একাই লড়বে বিএনপি

রাজনীতি ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্থানে সক্রিয়তা এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে একটি বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তার কথা আলোচিত হলেও মাঠের প্রধান দলগুলোর মধ্যে এখনো তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে খুব একটা বড় কোনো সংকট হিসেবে বিবেচনা করছে না বিএনপি। দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে, উদ্ভূত পরিস্থিতি একা হাতেই মোকাবিলা করার সক্ষমতা তাদের রয়েছে এবং শরিক দলগুলোর সঙ্গে মিলে যৌথভাবে পরিস্থিতি সামলানোর কোনো ভাবনা তাদের নেই।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, পতিত রাজনৈতিক শক্তির পক্ষ থেকে বড় ধরনের কোনো হুমকি তৈরি হওয়ার আশঙ্কা তারা দেখছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং বিএনপি নিজেই এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে প্রস্তুত। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মতপার্থক্য ভুলে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে সমন্বয় না থাকলে সেই সুযোগ নিতে পারে প্রতিপক্ষ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও মনে করেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোটাধিকার সুরক্ষার স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নেই।

এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে শর্তসাপেক্ষে সহায়তা করতে তারা প্রস্তুত রয়েছে। তবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেলে আনুষ্ঠানিকভাবে কোনো জোরালো সিদ্ধান্তে আসা তাদের জন্য কঠিন হবে। জামায়াতের আমির শফিকুর রহমান ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষা করার মূল দায়িত্ব সরকারের এবং সহযোগিতা চাওয়া হলে তারা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও জানানো হয়েছে যে, সরকার আনুষ্ঠানিক আহ্বান জানালে এবং তাদের কিছু দাবি পূরণ হলে তারা রাজনৈতিক ঐক্যের বিষয়টি বিবেচনা করবে।

প্রতিপক্ষ শক্তির যেকোনো অপতৎপরতা রুখতে আগামী মাসজুড়ে সুনির্দিষ্ট রাজনৈতিক ও সাংগঠনিক পরিকল্পনা নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন তারেক রহমান ইতিমধ্যে তৃণমূলে দিকনির্দেশনা প্রদান করেছেন এবং নেতাকর্মীদের সতর্ক থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স উল্লেখ করেছেন যে, বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অত্যন্ত সচেষ্ট রয়েছে এবং সন্ত্রাস বা নৈরাজ্য সৃষ্টির কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। দলীয় ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী, উসকানিমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে জনগণকে সঙ্গে নিয়ে সাংগঠনিক শক্তি প্রদর্শনের মাধ্যমে মাঠের পরিস্থিতি নিজেদের অনুকূলে রাখতে চায় দলটি।