বেপরোয়া ট্রাক কেড়ে নিলো অটোচালকের প্রাণ, শিশুসহ আহত ৫

জয়পুরহাটের খঞ্জনপুরে ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইদ্রিস আলী (৪১) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও ৫ জন। রোববার (১৬ জুন) দিবাগত রাত ১২ টার পরে জয়পুরহাট-নওগাঁ সড়কের জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুর মিশন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

 

নিহত ইদ্রিস আলী (৪১) জয়পুরহাট পৌর শহরের আদর্শ পাড়া গ্রামের একরাম আলীর ছেলে।

 

আহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার ভাদসা গ্রামের আব্দুল সোবহানের ছেলে মাসুদ হোসেন (৫৩), একই একই গ্রামের সোলাইমান আলীর ছেলে শামীম হোসেন (৫০), তার স্ত্রী মিনু আক্তার (৪২), হাসান আলীর স্ত্রী নাজনীন আক্তার (২১) ও তার মেয়ে নিহা আক্তার (২)। পুলিশ ও স্থানীয়রা জানান, জয়পুরহাট শহর থেকে অটোরিকশায় ৫ জন যাত্রী নিয়ে ভাদসার দূর্গাদহ বাজারে যাচ্ছিলেন। পথে খঞ্জনপুর মিশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ট্রাকটি একটি মেসি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ইদ্রিস আলী মারা যায়।পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর আহত মাসুদ হোসেন ও শামীম হোসেন ও তার স্ত্রী মিনু আক্তারকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক আটক করতে পারলেও ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে যায়। জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ খন্দকার ফরিদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ট্রাক ও মেসি ট্রাক্টরকে হেফাজতে রাখা হয়েছে। আর অটোরিকশাটি চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। ট্রাক ও মেসি ট্রাক্টরের ড্রাইভার-হেলপারকে পাওয়া যায়নি। অভিযোগ পেলেই যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।