বিপদের ভাগ

✍🏼তুহফা তুন নূর

গৃহস্থের চাল সারাইকৃত যুবক যখন চাল থেকে পড়ে গিয়ে পা ভাঙল তখন বিপদটি আসলে কার হল? গৃহস্থের নাকি ওই যুবকের? এর ব্যাখ্যা আমি আজও পাইনি।

কে বেশী পাপী? কার কর্মফল এটা? বিচারে বিপদ ভাগ হবে! কোন বাটখারায় মাপা হবে বিপদ? কার ভাগে বেশী হবে? কারন ভাঙ্গা পায়ের অস্ত্রোপচার করাতে লক্ষাধিক টাকার প্রয়োজন। যা ওই হতদরিদ্র দিনমজুর যুবকের সাত পুরুষ চোখে দেখেনি। দরিদ্র যুবকের গর্ভবতী স্ত্রীর মুখে শুনেছিলাম ব্যাংক নাকি অনেক বড় টাকার বাক্স। শুনে হেসেছিলাম সেদিন। এই দিন না আসলে হয়তো এত টাকা তোকে চোখে না দেখেই মরতে হতো রে ভাবী।

চাল সারাইকৃত বাড়ির মালিক সম্পূর্ণ অর্থভার নিতে নারাজ। পাড়ার মহিলাদের ফিসফিসানিতে কানে এলো উনি এমনও বলেছে “পা ভাঙবি ভাঙ, তাই বলে আমার চালে এসে! হতচ্ছাড়া কোথাকার! আমার আমও গেলো,ছালাও গেলো।” তবুও মাতব্বরদের জোরাজুরিতে আংশিক খরচ বহন করতে রাজি হয়েছে, কিন্তু বাকী টাকাগুলো? বাকি টাকাগুলো কি ভিক্ষে করে আনবে? কে দেবে ভিক্ষা ? এখন তো আবার ডিজিটাল ভিক্ষাবৃত্তির মাধ্যম বিকাশ বা নগদ। যেখানে হতদরিদ্র আর যোগ্য ব্যক্তিরা তলানীতে পড়ে থাকে। সাহায্য মানুষের মর্যাদা রক্ষা করে, আর ভিক্ষা ক্ষত দেখিয়ে বেড়াতে শেখায়। কিন্তু আমাদের সমাজ অনেক সময় সাহায্য নয় ক্ষতটাই দেখে। তাই যোগ্য মানুষেরাও বাধ্য হয় নিজেদের দুঃখ বাজারে তুলতে।

আমার ফুফাতো ভাই যখন চাল থেকে পড়ে গিয়ে পা ভেঙ্গেছিল তখন আমার ফুপুও একই পন্থা অবলম্বন করেছিল। কারন চাল ওয়ালা বাড়ির মালিক কোনো দায়ভার নেয়নি। ফুপু তার ছেলের ভাঙ্গা পায়ের ছবি তুলে গৃহস্থের দুয়ারে দুয়ারে ঘুরত। অনেকে শিখিয়ে দিত দরওয়ালা মানুষের কাছে গিয়ে কাঁদবি নইলে বিশ্বাস করবে না,আর সাহায্যও পাবিনা। অযোগ্যদের জ্বালায় যোগ্যদের জোর করে কেঁদে পয়সা আদায় করতে হয়। কারন অযোগ্যরা এই অঙ্গনে সফল। খেটে খাওয়ার চেয়ে বিশেষ উপায় অবলম্বনে আয় বেশী।

গতরে খেটে খাওয়া মানুষের কাছে তার সুস্থ, সবল ও অক্ষত শরীরটাই একমাত্র মূলধন। তার সবচেয়ে বড় সম্পদ বলিষ্ঠ ও কর্মক্ষম দেহ। শরীরে আঘাত মানে তার জীবিকার শিকড়ে আঘাত। এই পুঁজিতে চিড় ধরলে জীবনের হিসাবও এলোমেলো হয়ে যায়।অস্থিতে ফাটল ধরলে শুধু হাড় ভাঙে না, ভেঙে যায় আয়ের পথ, আত্মমর্যাদার ভরসা এবং আগামী দিনের নিশ্চয়তা। এর প্রভাব ভাতের হাঁড়ি,আর সংসারের স্বপ্ন পর্যন্ত গিয়ে পৌঁছায়। যদিও সুস্থ হয় আগের মতন নাম যশ আর থাকেনা।

পঙ্গুত্ব বরণ করার আগে যাকে নিয়ে কাড়াকাড়ি হতো সে এখন ঠেলাঠেলির পাত্র।যে গেরস্ত তিন দিন অপেক্ষা করে হলেও তাকে কাজে নিত,এখন সে অন্য কাওকে খোঁজে। খোঁড়াকে কাজে খাটালে তার নাকি সময় আর টাকা দুটোই লস হবে। কিন্তু মানবতা কি বলে? শুধু নিজের সুবিধা মেটাতে? শুনেছি মানবতা তো দুর্বল মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা। না, না,এটা হয়তো মিথ্যে!

ফুফাতো ভাই সুস্থ হওয়ার পর এলাকার মুরুব্বিগণ শলা পরামর্শ করে সিন্ধান্ত নিল কিভাবে আয় উপার্জন করে ঋণ পরিশোধ করবে আর বাকি জীবন কাটাবে। বাপ যার না থাকে পাড়ার লোকে তার বাপ হয়। ফুপুর চা পানের দোকানে বেশ কিছু মালামাল তুলে ফুফাতো ভাইকে বসানো হল। ভাই খোঁড়া হওয়ার আগে মজুরি খাটতো আর ফুপু চা পানের সাথে ভাজা বাদাম বেঁচতো। এখন ফুপু অবসর নিয়েছে আর ভাই খোঁড়া এক দোকানদার।

দুই টাকা বেশী রোজগারের আশায় ভাই আমার সস্তা বিড়ি বেঁচে। উঠতি বয়সী ছেলেপুলেরা বলে খোঁড়ার দোকানে চল, খোঁড়া বাকী বিড়ি বেঁচে।দু’একজন মুরুব্বি গোছের বিড়িখোর আসে-বসে আফসোসের স্বরে দু’চারটে নীতি কথা শুনিয়ে,গলা কিটিয়ে যাওয়া ভ্যাপসা গন্ধ যুক্ত তামাকের ধোঁয়া উড়িয়ে চলে যায়। পাশে বিকাশের ঘরে দু’একজন ক্যাশ আউট করতে এসে দোকানের ছ্যাতাধরা চৌকিতে অরুচির সাথে বসে দু’একটান বিড়ি ফুঁকে উঠে যায়। আহ!কি সুন্দর জীবনের অদল-বদল!কেও টাকা ধোয়ায় উড়িয়ে দেয়!আর কেও নাক মুখ চেপে বিকট ধোঁয়া বেঁচে ঋনের টাকা গোনে!

দু’ছমাস কেটে যাবার পরও ঋণ খুব বেশি শোধ হয়নি। শতকরায় হিসেব করলে,সত্তর শতাংশ রয়ে গেছে। ফুপু আবার বাড়িতে বাদাম ভাজে। পাড়ার মহিলারা কিনে খায় বাকিতে, বাদামের বাদামী খোসায় নোংরা হয় ফুপুর হকসানো মাটির বারান্দা। মুড়ো ঝাঁটার আগায় খোসা গুলো জড়ো করে আঁচলের গিঁট খুলে গুনে দেখে এক তৃতীয়াংশ তাগেদা করতে হবে। এভাবে দিন চলে গেলেও শোধ হয়না বাদামের টাকা। বাকী করে বাদাম খাওয়া বাজার ফেরত মহিলাটি কপাল গোটো করে বলে টাকার জন্য দেখছি পাগল হয়ে যাচ্ছ! অমন চল্লিশ টাকায় কেও বড়লোক হয়না।মুখ ঝাড়া মেরে ,পা দাপটিয়ে চলে যাওয়ার গতিতে দোল খেয়ে ওঠে মহিলাটির হাতে থাকা ব্যাগে একটি বড়সড় রুই মাছের লেজ। অপ্রস্তুত ভাবে ফুপুর চোখ পড়ায় মনের অস্ফুটিত ক্রন্দন লুকিয়ে দ্রুত দৃষ্টি পরিবর্তন করে নেয়।

কিন্তু তাগেদার বিরক্তি ফুপুকে দমাতে পারলনা। বাড়িতে সিংগাড়া বানানো আরম্ভ করলো। কেও একটা খেলে গোটা কয়েক না খেয়ে পারবেনা। বিক্রি শেষে দু’একজন এসে সিংগাড়া না পেয়ে মুখ গোমড়া করে বলে কাল আমায় আগে দিও। সেদিন ফুপু এক ঝুড়ি সিংগাড়া বানিয়ে ভাইয়ের দোকানে পাঠালো আর বাড়ীতে কিছু রাখলো। দুপুরের আগেই ভাই লোক মারফত খবর পাঠালো বাড়ীতে যেকয়টা সিংগাড়া আছে ফুপু যেন সবগুলো পাঠায় , ফুপু বলল আজ আর নেই। কাল দুই ঝুড়ি বানিয়ে দেবো।

বছর না ঘুরতেই খোঁড়ার দোকানের এরিয়া ভেদ করে সিংগাড়ার স্বাদ ছড়িয়ে পড়ে দূর গ্রামে। ভাই এখন নিজে বানায়। ফুপু বলেছিল “শিখে নে, কখন মরি বাঁচি।” ভাই সিংগাড়ার সাথে ডালপুরী বানায়। অনেকে শতখান অর্ডার দিয়ে বানিয়ে নেয়, মিছিল, মিটিং এর উদ্দেশ্যে। ভাইয়ের ডালপুরীর স্বাদ অন্য কোনো স্বাদ দিয়ে তুলনা করা অসম্ভব।যেমন সাইজে বড় আর খেলে কুচুরমুচুর আওয়াজ হয়। একবার শহরে গিয়ে ডালপুরী খেয়েছিলাম,মনেহল নিতান্তই জ্বীহবাটাকে বিরক্ত করলাম। যেমন গালে জড়িয়ে যাচ্ছে তেমন আলোনা। আশপাশের লোকেদের কথা ভেবে আফসোস হলো। বড়ই দূর্ভাগা তারা! আমার ভাইয়ের হাতের ডালপুরীর গন্ধটুকুও পেলনা ওরা।

ফুপু এখন চোখে দেখে না। হাতড়িয়ে আন্দাজ করে নিজের কাজকাম সারে। রমজান মাসে ভাই ভাজা বানানো শুরু করেছে। পেয়াজু, বেগুনি, আলুর চপ,গোশের চপ ,পাওড়া ইত্যাদি। কি যে সুস্বাদু! ভাইয়ের হাতে এত স্বাদ! অনন্য রান্নার প্রতিভা তার। ঠিক আমার ফুপুর মতো। রমজানের প্রতিটা দিন ভাই ব্যস্ত থাকে, ইফতারের অর্ডার সামলায়। প্রতিদিন বিভিন্ন মসজিদের ইফতারির অর্ডার হয়,একা সামলিয়ে পারেনা। একজন লোক রেখেছে সাহায্য করার জন্য। শত শত মানুষ আজ ভাইয়ের হাতের সুস্বাদু ইফতার দিয়ে রোজা ভঙ্গ করে। মসজিদ থেকে ফেরার পথে কেউ বলে যায় আজকে পেঁয়াজুটা দারুন বানিয়েছো।কেউ বলে তোমার হাতের ভাজা না খেলে ইফতারি করে তৃপ্তি হয়না। পাড়ার উঠতি বয়সী ছেলেপুলে আছরের পর দল বেঁধে দাঁড়িয়ে থাকে দোকানের সামনে জানার জন্য ,ভাইয়ের আজ কোন মসজিদে ইফতারির অর্ডার ,ওরা সেই মসজিদে যাবে। কারন ইফতারির খিচুড়ি, তেহারি ভাই নিজেই রান্না করে। একবার খেলে বার বার খেতে মন চায়।

জ্যোষ্ঠ পেরিয়ে, আষাঢ় শেষে শ্রাবণ এল। ফুপুর কবরটা এখন আর চেনা যায়না। কবরের মাটি স্বজাতির সাথে আপনিই মিশে গিয়েছে। ভাই এখন নাম করা বাবুর্চি। গাঁও গ্রামে তার রান্নার যথেষ্ট নাম ডাক। অনেকে আগে থেকে বুকিং দিয়ে রাখে,নইলে বাবুর্চির নাগাল পাওয়া মুশকিল। গৃহস্থদের বিয়ে বাড়ি, জন্মদিনের অনুষ্ঠান, সুন্নতী খৎনাসহ বিভিন্ন নামী-দামী অনুষ্ঠানে,ভিআইপি লোক ভাইয়ের রান্না খেয়ে মুগ্ধ। অনেক উচ্চ পদস্থ লোক মোবাইলে ভাইয়ের নাম্বার সেভ করে রাখে। অনেকে দুই-তিনের জন্য ভাইকে ভাড়া করে বনভোজনের উদ্দেশ্যে সুন্দরবন, কুয়াকাটা কিংবা কক্সবাজার নিয়ে যায়। ভাই মাঝে মাঝে বড় বড় রান্নায় জন্য সহকারী নেয়। অনেকে এখন ভাইকে “হেড বাবুর্চি” বলে । ভাই এখন দুই একজন বাবুর্চিকেও কাজ দেয়। ভাই কখনও চুক্তি করে কাজ করেনা। যে যার খুশি মতো সম্মানী দেয়।কম হয়ে গেলেও ভাই মন খারাপ করেনা। কারণ ভাই জানে কালো দিনের আঁধার যে রাতের আঁধারের চেয়েও ভয়ংকর!

এবার শীতে ভাই কিছু ইট আর বালি কিনেছে।ইটের গাঁথুনি দিয়ে ঘর তুলে আ্যলবেষ্টার ছাউনি দেবে। ভাই এতদিন আমার বাবার একটা ভগ্নপ্রায়,অর্ধচালহীন, মাটির ঘরে বাস করত।যে মানুষটি অন্যের চাল সারাই করতে গিয়ে পা ভেঙেছিল, তার ভাঙা চাল হয়তো কেউ দেখেনি। কিন্তু দূর থেকে কেউ একজন ঠিকই পরোখ করেছিল। পৃথিবীর কোনোকিছুই যার অগোচর নয়।

এজন্য তো ভাই এখন দরওয়ালা লোক। জীবন তাকে দর দিয়েছে বটে, কিন্তু এই দরের মূল্য সে পরিশোধ করেছে নিজের শরীরের মুদ্রায়। পৃথিবীর সব সম্পদ টাকায় কেনা যায় না, কিছু সম্পদ অর্জনের জন্য মানুষকে নিজের অস্থি, মজ্জা, যৌবন কিংবা স্বপ্ন বন্ধক রাখতে হয়। ভাইও হয়তো তার একটি পা বন্ধক রেখেই এই অবস্থানে পৌঁছেছে।

আজ ভাইয়ের দোকানের সামনে দাঁড়ালে আর করুণা লাগে না, গর্ব হয়। যে মানুষটাকে একসময় সবাই “খোঁড়া” সম্বোধন করত, আজ অনেকে তাকে “হেড বাবুর্চি” বলে ।

তবুও আমার কষ্ট হয়।
কারণ যারা আজ তার রান্নার প্রশংসা করে, তাদের অনেকেই সেই দিনগুলোর সাক্ষী নয়। যখন হাসপাতালের বেডে শুয়ে ভাই ছাদের দিকে তাকিয়ে নিরাশার দিন গুনতো। যেদিন ফুপু মানুষের দরজায় গিয়ে সাহায্য চাইত। যেদিন চল্লিশ টাকার বাদামের জন্য অপমান শুনতে হতো।

আজ নতুন ঘরের ইটের গাঁথুনি দেখে ফুপুর কথা মনে পড়ে। যদি ওই চোখ দুটো আর ক’দিন দেখতে পেত! যদি একবার দেখতে পেত, যে ছেলেকে নিয়ে এত দুশ্চিন্তা ছিল তার, সেই ছেলেই আজ অন্যের সংসারে কাজ দেয়। যে ছেলের জন্য মানুষের দরজায় দাঁড়িয়ে কেঁদেছিল, সেই ছেলের নামেই আজ মানুষ অগ্রিম বুকিং দেয়।

হয়তো কোথাও থেকে ফুপু দেখছে।
হয়তো দেখছে, তার ভাজা বাদামের ধোঁয়া, তার সিঙ্গাড়ার পুর, তার কষ্টের ঘাম-কোনোটাই বৃথা যায়নি। সব মিলেমিশে আজ ভাইয়ের রান্নার স্বাদ হয়ে মানুষের মুখে মুখে ফিরছে।

তাই আমি বলি- হে দুই-পাওয়ালা, নিঁখুত চালওয়ালা, ধনীর বংশধর! তুমি তোমার যোগ্যতায় পাওনি কিছু। পেয়েছে খোঁড়া! যে নিজের ভাঙ্গা পায়ের উপর দাঁড়িয়ে স্বপ্ন গড়েছে।

সে ভাঙন, বেদনা আর অভাবের উপর দাঁড়িয়েও হার মানেনি।

আর অর্জনের মর্যাদা সবসময় প্রাপ্তির চেয়ে বড়।