বাংলাদেশে পোশাকশ্রমিক আন্দোলন ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যা বললেন জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। দেশটির রাজধানী দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই কথা জানান ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, প্রতিবেশী দেশের যেকোনো ঘটনার প্রভাব এবং সার্বিক পরিস্থিতির ওপর নয়াদিল্লি কড়া নজর রাখছে।

বাংলাদেশি পোশাকশ্রমিকদের আন্দোলন কিংবা এর জেরে সীমান্ত বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না—এমন নানা প্রশ্নের মুখোমুখি হয়ে ভারতীয় মুখপাত্র জানান, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারত সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করে। দুই দেশের মধ্যকার অংশীদারত্বকে একটি ভবিষ্যৎমুখী ও গঠনমূলক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা আন্তরিকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ব্রিফিংয়ে গঙ্গা পানি চুক্তি এবং অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানান, এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য দুই দেশেরই যৌথ নদী কমিশন রয়েছে। আন্তসীমান্ত নদীগুলোর পানিসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটিই একমাত্র কাঠামোগত এবং নির্ধারিত ব্যবস্থা হিসেবে কাজ করে থাকে। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইতিপূর্বেই ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলেও তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

নতুন রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের দূরত্ব তৈরি হয়েছে কি না কিংবা বাংলাদেশ অন্য কোনো দেশের দিকে ঝুঁকছে কি না—এমন প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, উভয় দেশের মধ্যে রয়েছে ঐতিহাসিক এবং গভীর মেলবন্ধন। এই সম্পর্কের ভিত্তি অত্যন্ত মজবুত উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশই আগামী দিনে একসঙ্গে কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর।