রাকিবুল ইসলাম রঞ্জু
পোশাক শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি উল্লেখ করে শ্রমিকদের শান্ত থেকে নিজ নিজ কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছেন সাভার থানা বিএনপির সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফউদ্দিন সাইফুল।
আজ (০৩ নভেম্বর, ২০২৬: মঙ্গলবার) এক বার্তায় তিনি পোশাক খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং দেশের উৎপাদন ব্যবস্থা সচল রাখার স্বার্থে শ্রমিক ভাইবোনদেরকে কাজে যোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
সাইফউদ্দিন সাইফুল বলেন, “পোশাক খাত বাংলাদেশের অর্থনীতি ও সাভার ও আশুলিয়ার কর্মসংস্থানের প্রাণকেন্দ্র। কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিতে কান না দিয়ে কারখানা চালু রাখা আমাদের সকলের দায়িত্ব। শ্রমিকদের যেকোনো যুক্তিসঙ্গত দাবি ও সমস্যার শান্তিপূর্ণ সমাধানের সুযোগ রয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, কারখানা চালু থাকলে শ্রমিকদের জীবিকা সুরক্ষিত থাকবে এবং একই সঙ্গে দেশের অর্থনৈতিক গতিশীলতা বজায় থাকবে। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং কারখানাগুলোর নিরাপত্তার স্বার্থে তিনি স্থানীয় নেতাকর্মীসহ সকল মহলকে সহযোগিতা করার আহ্বান জানান।