নূরনগরে কৃষকের ধান কেটে নষ্টের অভিযোগে থানায় অভিযোগ দায়ের

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে কৃষকের রোপণকৃত ধান কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মোঃ মোশারাফ হোসেন (৪৮) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, মোশারাফ হোসেন বিগত দুই-তিন বছর ধরে নূরনগর কেন্দ্রীয় গোরস্থানের জন্য নির্ধারিত ৪৫ শতক জমি হারি নিয়ে ধান চাষ করে আসছিলেন। চলতি মৌসুমেও তিনি ধান রোপণ করেন, কিন্তু সোমবার (৩ মার্চ) সকালে একদল ব্যক্তি জমিতে প্রবেশ করে তার রোপণ করা ধান কেটে নষ্ট করে দেয়।এ সময় তার ভাই মিজানুর রহমান বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে রাম দা নিয়ে ধাওয়া করে ও হত্যার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তবে এ ঘটনার পেছনে গোরস্থান সংক্রান্ত বিরোধের বিষয়টিও উঠে এসেছে। গোরস্থান কমিটির সদস্য আবু ইউসুফ দাবি করেছেন, তারা জমিতে গোরস্থান নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং কৃষক মোশারাফ হোসেনকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনা চলছিল। কিন্তু এর মধ্যে কেউ বা কারা রাতের আঁধারে ধান কেটে দিয়ে উত্তেজনার সৃষ্টি করেছে।এ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে, যেখানে কয়েকজন আহত হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।শ্যামনগর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।