স্টাফ রিপোর্টার, মাইদুল ইসলাম
নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গোলাম রাব্বানীকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার বাদ মাগরিব ইটাখোলা ইউনিয়ন পরিষদ মাঠে জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের মতামতের ভিত্তিতে যাচাই-বাছাই করে গোলাম রব্বানীকে ইটাখোলা ইউনিয়ন সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি গোলাম রব্বানীকে ইটাখোলা ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে ইউনিয়নবাসীকে একটি মডেল ইউনিয়নে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, সবাই একনিষ্ঠভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে ইনশাআল্লাহ।
সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ। তিনি বলেন, তারা সৎ ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেছে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই গোলাম রব্বানীকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন নীলফামারী সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল মুসা। তিনি পবিত্র কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, “কোনো জাতি নিজের অবস্থার পরিবর্তন না করলে আল্লাহ তাদের অবস্থার পরিবর্তন করেন না।” এ বক্তব্যের মাধ্যমে তিনি নিজেদের পরিবর্তনে উদ্যোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা জামায়াতের যুগ্ম সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম তাঁর বক্তব্যে অতীত পরিস্থিতির প্রসঙ্গ তুলে বলেন, আগে ইটাখোলার মানুষকে পুলিশের ভয়ে পালিয়ে থাকতে হতো। তিনি বলেন, এবার এমন একজন নেতৃত্বকে সামনে আনতে চান, যিনি এলাকার মানুষকে এ ধরনের হয়রানির শিকার হতে দেবেন না।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে বলেন, “নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, আমানত তার হকদারের কাছে পৌঁছে দিতে।” তিনি সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম রাব্বানীর পক্ষে সমর্থন চেয়ে বলেন, জনগণের বিবেচনায় ভোট একটি মূল্যবান আমানত।
এ ছাড়া সমাবেশে সদর উপজেলা জামায়াতের আমির মোকলেছুর রহমান বক্তব্য দেন।
নবমনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী তাঁর বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, নির্বাচিত হতে পারলে ইটাখোলা ইউনিয়নের কল্যাণে কাজ করে যেতে চান।
কর্মী সমাবেশে বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া ও গণমাধ্যমকর্মীগণ।