টাঙ্গাইলে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন দুইজন। একজন টাঙ্গাইলে উত্তরবঙ্গগামী অজ্ঞাত ট্রেনের ছাদ থেকে আরেকজন কালিহাতী উপজেলার নাগবাড়িতে বাসের ছাদ থেকে পড়ে।শুক্রবার বেলা ১১ টার টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার ইন্নিবাড়ি এলাকায় ট্রেনে ও উপজেলার নাগবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ছাদে করে মানুষ বাড়ি ফিরছিল। ট্রেনটি দূর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছলে হটাৎ চলন্ত ট্রেনের ছাদ থেকে এক ব্যাক্তি রাস্তার পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। তবে এই ঘটনায় ট্রেন থামেনি। এবং রেল পুলিশ দীর্ঘ সময় পার হলেও লাশের খোঁজ নেয়নি। লাশ এখনও রাস্তার পাশে পড়ে আছে। নিহত ব্যাক্তির নাম ঠিকানা জানা যায়নি।
একই উপজেলার নাগবাড়ি এলাকায় পাবনা গামী বাসের ছাঁদ থেকে পড়ে রানা নামে পাবনার একজন যাত্রী মারা যায়। কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন জানান, মহাসড়কে যানজটের কারণে বাসটি সখিপুর হয়ে কালিহাতি দিয়ে পাবনা যেতে চেয়েছিল। পথিমধ্যে তার শরীর খারাপ হওয়ায় বাসের ছাদে বসলে সেখান থেকে পড়ে গিয়ে মারা যান তিনি।