ভিডিওটি প্রকাশ্যে আসার পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল থেকে পরিচালিত ‘ক্রাইম বার্তা’র পক্ষ থেকে দাবি করা হয়, ছড়ানো ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি করা একটি ভুয়া ভিডিও।
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘বেঙ্গল লেন্স’ তাদের অনুসন্ধানে জানিয়েছে, ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি বা এডিটেড নয়, এটি আসল।
প্রতিষ্ঠানটি আরও জানায়, সিসিটিভি ফুটেজের টাইমস্ট্যাম্প অনুযায়ী ভিডিওটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়েছিল। তবে ধারণকৃত স্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষযয়ে এমপি গাজী নজরুল ইসলামের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে ঘটনার বিষয়ে কথা বলেছেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
এমপি সাহেব আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি উনার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ পেল, সেটি আমরা খতিয়ে দেখছি।
কবে নাগাদ এই বিয়ে হয়েছে? এমন প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা জানান, তিনি বিয়ের সঠিক তারিখ নিশ্চিত বলতে পারছেন না, তবে তা ‘বেশ কিছুদিন আগে’ সম্পন্ন হয়েছে বলে তারা জেনেছেন।