জলঢাকায় বসতভিটা দখলের অভিযোগ ও পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার দাবি

মাইদুল ইসলাম, নীলফামারী

নীলফামারীর জলঢাকায় বাড়িঘরে হামলা, লুটপাট ও বসতভিটা দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন তাঁরা। তবে প্রতিপক্ষের দায়ের করা মামলা দ্রুত রেকর্ড করে পুলিশ তাঁদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করেছে বলে দাবি তাঁদের।

সোমবার (৯ নভেম্বর) নীলফামারী শহরের একটি মাধ্যম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী সত্যরানী রায়। তিনি জলঢাকা উপজেলার কাছারিপাড়া গ্রামের শ্রী প্রফুল্ল চন্দ্র বর্মনের স্ত্রী। এ সময় সদ্য জামিন প্রাপ্ত সত্যরানীর স্বামী প্রফুল্ল চন্দ্র বর্মন, মেয়ে পূজা রানী রায়, বিথি রানী রায়, ছেলের বউ বৃষ্টি রানী, জামাই বাবু রায় ও উৎপল রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সত্যরানী জানান, তাঁর শ্বশুর মৃত লক্ষণ চন্দ্র বর্মন ২০১২ সালে দ্বিতীয় স্ত্রী সুশীলা রানীকে পাঁচ শতাংশ জমি দানপত্র দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দেন। পরবর্তীতে ২০২৩ সালে তাঁর শ্বশুর আইনগতভাবে ওই দানপত্র বাতিল করেন। তবে শ্বশুরের মৃত্যুর পর দানপত্র বাতিলের বিষয়টি গোপন রেখে গত ৮ মার্চ সুশীলা রানী তাঁর ভাগ্নে অবিনাশ চন্দ্র রায়ের কাছে পাঁচ লাখ ১০ হাজার টাকায় ওই জমি বিক্রি করেন বলে অভিযোগ করেন তিনি।

সত্যরানীর অভিযোগ, গত ১৬ অক্টোবর অবিনাশ চন্দ্র রায়সহ কয়েকজন সহযোগী এবং শতাধিক লোক তাঁদের বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট করা হয়। একপর্যায়ে তাঁদের বাড়িঘর থেকে বের করে দিয়ে বসতভিটাটি দখলে নেওয়া হয়।

তিনি আরও জানান, ঘটনার দিনই প্রতিকার চেয়ে জলঢাকা থানায় লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশ তাঁদের অভিযোগ গ্রহণ করেনি। অথচ পরদিন ১৭ অক্টোবর তাঁর শাশুড়ি সুশীলা রানী তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগে থানায় মামলা করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, যথাযথ তদন্ত ছাড়াই গত ৩ নভেম্বর মামলাটি রেকর্ড করে পুলিশ তাঁর স্বামী প্রফুল্ল চন্দ্র বর্মন ও দুই ছেলেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। বর্তমানে তাঁর স্বামী জামিনে মুক্ত হলেও দুই ছেলে এখনও কারাগারে রয়েছেন।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে সত্যরানী বলেন, “আমরা কোনো অন্যায় সুবিধা চাই না। আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার ও বসতভিটা ফিরে পেতে চাই।”

এ সময় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি। একই সঙ্গে দখল হয়ে যাওয়া বসতভিটা উদ্ধার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

অভিযোগের বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, এই মুহূর্তে আমি বাইরে আছি। থানায় গিয়ে রেজিস্ট্রার দেখে জানাবো। আরও উপস্থিত ছিলেন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া কর্মীগণ।