গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ২৫ ফেব্রুয়ারি। ভোটের ফলাফল প্রকাচের ১০ দিন পার হলেও এখনো আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়নি। এতে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
ছাত্রদলের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) দুর্জয় শুভ, সাধারণ সম্পাদক হয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের আমিনুল ইসলাম বিদ্যুৎ। তবে এখনো কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে আনুষ্ঠানিক কমিটি প্রকাশিত হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের মনিটরিং টিমের প্রধান ও কেন্দ্রীয় সহসভাপতি মাসুদ রানা রিয়াজ বলেন, “শনিবার বিকাল ৩টায় এ বিষয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দেশের বাইরে ছিলেন, তিনি দেশে ফেরার পর বিষয়টি নিয়ে কথা হবে।”
ছাত্রদলের মনিটরিং টিমের অপর সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন বলেন, “দু–এক দিনের মধ্যেই কমিটির তালিকা প্রেসে দেওয়া হবে।”
গত ২৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ২১৬ জন ভোট দেন। সভাপতি পদে দুর্জয় শুভ পেয়েছেন ৮০ ভোট, সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম বিদ্যুৎ পেয়েছেন ১১৮ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে ফারুখ খন্দকার পেয়েছেন ৭১ ভোট।
নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. মাছুদ রানা রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার ও মো. ওমর ফারুক মামুন।
নবনির্বাচিত নেতারা বলছেন, “ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরও কমিটি আটকে থাকা দুঃখজনক। এতে কর্মীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে।”
তবে কেন্দ্রীয় নেতারা বলছেন,দ্রুতই কমিটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এখন দেখার বিষয় কতদিনের মধ্যে এ জটিলতা কাটে!