শ্রীপুরে ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’ এর শুভ উদ্বোধন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার দুর্গাপুর গ্রামে পিছিয়ে পড়া ও গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটির শুভ উদ্বোধন করা হয়।

- Advertisement -

মরহুম আব্দুল মালেক বিশ্বাসের জনকল্যাণমুখী অবদানের স্মৃতি চিরভাস্বর করে রাখা এবং স্থানীয় সর্বস্তরের মানুষের হাতের নাগালে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ট্রাস্টের উদ্যোগে এই হাসপাতালটি স্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে ট্রাস্টের সভাপতি মাহবুবুর রহমান মন্জুর সভাপতিত্বে এবং মাহাফুজুর রহমান পান্নার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের উদ্যোক্তা ডা. তানভীর রহমান রাজন। এছাড়া মরহুম আব্দুল মালেক বিশ্বাসের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও জীবনী তুলে ধরে স্মৃতিচারণ করেন মো. বেনজির রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনোয়ার হোসেন খাঁন বলেন, “গ্রামীণ অবকাঠামোতে এমন আধুনিক ট্রাস্ট হাসপাতাল প্রতিষ্ঠা স্থানীয় জনগণের চিকিৎসা ভোগান্তি দূর করতে অগ্রণী ভূমিকা রাখবে। অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ট্রাস্টের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলী আহম্মেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা ও মো. আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জনাব খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সী রেজাউল করিম, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ এবং ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উদ্বোধনী আয়োজনে জেলা ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে উদ্বোধনী পর্বের পরিসমাপ্তি ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে জানান, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও মানবসেবার ব্রত নিয়ে এই ট্রাস্ট হাসপাতালটি মাগুরা অঞ্চলের দুঃস্থ, অসহায় ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

এই বিভাগের আরও সংবাদ