হজযাত্রীদের জন্য প্রথম আলোর হজ গাইড
ইপেপার / প্রিন্ট
প্রতিবছর কমবেশি ১ লাখ ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশ থেকে পবিত্র হজ ও ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাত্রা করেন। ভিন্ন সংস্কৃতি, ভাষা ও পরিবেশের কারণে তাঁদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তাই হজ ও ওমরাহ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজন সঠিক প্রস্তুতি ও নির্দেশনা। প্রথম আলো এই লক্ষ্যে হজযাত্রীদের জন্য বিনা মূল্যে বিতরণ করছে হজ গাইড। এ ছাড়া হজের পর ওমরাহ পালনকারীদের জন্য এ বছর একটি ওমরাহ গাইডও প্রকাশ করেছে প্রথম আলো।
হজ গাইডে কী আছে?
ছোট কলেবরের মাত্র ৪৮ পৃষ্ঠার এই হজ গাইডে হজ পালনের সব কটি ধাপের সহজ বর্ণনা রয়েছে, যা নতুন ও অভিজ্ঞ উভয় হজযাত্রীদের জন্য সমানভাবে উপকারী। এর মধ্যে ঢাকার হজ ক্যাম্পে প্রস্তুতি ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা থেকে শুরু করে ইহরামের নিয়মকানুন, সময় নির্ধারণ, বিমানবন্দরে ব্যাগেজ নিয়ম, জেদ্দা ও মক্কায় পৌঁছে করণীয়, তিন প্রকারের হজ, তাওয়াফ, সাঈ, মাথা মুণ্ডন বা চুল ছোট করা, দুই রাকাত নামাজের নিয়ম, হজের দিনগুলোতে করণীয়, স্বাস্থ্যসতর্কতা, নতুন হজযাত্রীদের জন্য ১০টি প্রয়োজনীয় পরামর্শসহ অল্প পরিসরে গ্র্যাফিক্যাল নির্দেশনা স্থান পেয়েছে।
হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বিপুলসংখ্যক মানুষ ওমরাহ পালনে আগ্রহী হয়ে উঠছেন। হজের পরই ওমরাহ-যাত্রা শুরু হয় এবং ঈদুল ফিতরের পরবর্তী সময় পর্যন্ত আনুমানিক দুই লাখ বাংলাদেশি মুসলমান ওমরাহ পালন করে থাকেন। বিশেষভাবে তাঁদের জন্য এ বছর প্রথমবারের মতো প্রথম আলো প্রকাশ করেছেন ওমরাহ গাইড। ৫০ হাজার কপি ছাপা হয়েছে। এই গাইড বিনা মূল্যে বিতরণ করা হবে।
ইবাদতের দিক থেকে হজ ও ওমরাহর কর্মসূচিতে খুব বেশি পার্থক্য না হলে সময়সূচি ও ব্যবস্থাপনা আলাদা হওয়ায় আয়োজন ও প্রস্তুতিতে বেশ কিছু ভিন্নতা থাকে। ফলে তাঁদের কথা মাথায় রেখে ওমরাহর নিয়মকানুন, বায়োমেট্রিক নিবন্ধন, ভিসাপ্রক্রিয়া, মক্কা ও মদিনায় যাতায়াত ও থাকার ব্যবস্থা, ওমরাহর তাওয়াফ, সাঈ ও অন্যান্য রুকন আদায়, স্বাস্থ্য সুরক্ষা ও জরুরি সেবার তথ্য, মোবাইল অ্যাপ ও ডিজিটাল সেবার ব্যবহার এবং মক্কা-মদিনায় থাকার সময় নিরাপত্তাসংক্রান্ত পরামর্শ ওমরাহ গাইডে স্থান পেয়েছে। পাসপোর্ট সাইজের ৪৮ পৃষ্ঠার ওমরাহ গাইডটি যাত্রীদের জন্য সহজেই বহনযোগ্য এবং খুবই উপকারী।
