মঙ্গলবার ,  ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

৫ আগস্টের আগেও জামায়াতের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল: মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে-

জুলাই আন্দোলন চলাকালে এবং ৫ আগস্টের আগেও জামায়াতে ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির নিয়মিত যোগাযোগ ও সমন্বয় ছিল বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

 

 

সম্প্রতি দেশের একটি দৈনিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

 

 

 

 

সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, ৫ আগস্টের আগে জামায়াতের নেতারা প্রকাশ্যে চলাফেরা করতে না পারলেও তাদের সঙ্গে বিএনপির যোগাযোগ অব্যাহত ছিল।

 

 

 

 

তিনি বলেন, “৫ আগস্টের আগে জামায়াত (নেতারা) তো বাইরে বের হতো না। তখনও যোগাযোগ ছিল। এই ১৫ বছর যেভাবে করেছি, সেভাবে—গোপনে।”

 

জুলাই আন্দোলন নিয়ে জামায়াতের সঙ্গে বিএনপির নিয়মিত আলোচনা হতো কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “রেগুলার আলোচনা হয়েছে। আমাদের টিম ছিল। এই টিমগুলো আলোচনা করত। এই আলোচনার ব্যাপারটা আমাদের সব সময় চলেছে। ৫ আগস্টের আগেও আমাদের আলোচনা হয়েছে।”

 

 

 

 

গোয়েন্দা নজরদারির মধ্যেও কীভাবে এসব বৈঠক হতো, সে বিষয়ে মির্জা ফখরুল বলেন, “গোয়েন্দা নজরদারি ফাঁকি দিয়ে কাজ করা হতো। গাড়ি বদল করে বিভিন্ন জায়গায় যেতাম, একদম কমিউনিস্ট পার্টির মতো।”

 

 

 

 

তিনি জানান, এসব বৈঠকে বিএনপির পক্ষ থেকে তিনি নিজে এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নিতেন। জামায়াতের পক্ষ থেকে কখনো আমির ডা. শফিকুর রহমান, তিনি কারাগারে থাকলে হামিদুর রহমান আযাদ, কখনো গোলাম পরওয়ার এবং বেশির ভাগ সময় আব্দুল হালিম উপস্থিত থাকতেন।

 

 

 

 

মির্জা ফখরুলের ভাষায়, “আমি নিজে কতবার গেছি। আমি আর নজরুল ইসলাম খান ভাই। আর ওনাদের মধ্যে থাকতেন কখনো ডা. শফিকুর রহমান। উনি জেলে থাকলে থাকতেন হামিদুর রহমান আযাদ। পরওয়ার সাহেব খুব কম ছিলেন; আর হালিম সাহেব বেশি থাকতেন। উনিই ছিলেন মূল সমন্বয়কারী, কারণ তিনি বাইরে থাকতে পারতেন।”