শুক্রবার ,  ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ -  হেমন্তকাল

২১ বছর পর বন্ধুত্বের টানে নীলফামারীতে এসএসসির ২০০৫ ব্যাচের মিলনমেলা

প্রকাশিত হয়েছে-

মাইদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

স্কুলজীবনের সেই আড্ডা, মাঠের খেলাধুলা আর কৈশোরের দুরন্ত দিনগুলো। সময়ের ব্যবধানে পেরিয়ে গেছে ২১ বছর। বদলে গেছে জীবনের অনেক কিছু, তবে বদলায়নি বন্ধুত্বের টান। সেই টানেই দীর্ঘ দুই দশক পর আবারও এক ছাতার নিচে মিলিত হয়েছেন এসএসসি ২০০৫ ব্যাচের চার শতাধিক বন্ধু। শুক্রবার (৬ নভেম্বর) নীলফামারী জেলা স্টেডিয়ামে বসেছে তাঁদের প্রাণের মিলনমেলা।

এসএসসি ব্যাচ ২০০৫ নীলফামারীর বন্ধুদের আয়োজনে অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন বন্ধুরা। দিনব্যাপী আয়োজনে ছিল আনন্দ র‍্যালি, বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণসহ নানা আয়োজন। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে আবেগ-উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁরা। ফিরে যান স্কুলজীবনের সেই সোনালি দিনগুলোতে।

শুধু বন্ধুদের পুনর্মিলনই নয়, এ আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বন্ধুদের কাছে নীলফামারীর ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরারও উদ্যোগ নেওয়া হয়। জেলার দর্শনীয় স্থান নীলসাগর, সৈয়দপুরের ঐতিহাসিক চিনি মসজিদ, তিস্তা ব্যারাজ ও ঐতিহ্যবাহী রেলওয়ে কারখানার পাশাপাশি স্থানীয় মানুষের আন্তরিকতা ও অতিথিপরায়ণতায় মুগ্ধ হন আগত বন্ধুরা।

আয়োজকরা জানান, দীর্ঘ ২১ বছর পর বন্ধুদের একত্রিত করার মূল উদ্দেশ্য হলো পুরোনো স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলা, বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করা এবং জীবনের ব্যস্ততার মাঝে কিছুটা সময় একসঙ্গে আনন্দে কাটানো। এই আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীর সৌন্দর্য ও সম্ভাবনাকেও সবার সামনে তুলে ধরতে চান তাঁরা।

দীর্ঘ বিরতির পর এমন মিলনমেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বন্ধুরা। তাঁদের প্রত্যাশা, এক দিনের এই আয়োজন শুধু স্মৃতির পাতায় সীমাবদ্ধ থাকবে না; বরং আগামী দিনগুলোতেও অটুট থাকবে বন্ধুত্বের এই বন্ধন।