ইয়াছিন মোড়ল, শ্যামনগর
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে ১১-১২ নভেম্বর দুই দিনব্যাপী কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় শ্রীফলাকাটি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক গোবিন্দ মণ্ডলের সভাপতিত্বে আটুলিয়া, কাশিমাড়ী, ভূরুলিয়া, নূরনগর, কৈখালী ও রমজাননগর থেকে আগ্রহী ও উদ্যোগী ২৬ জন কৃষক কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু পরিবর্তন ন্যায্যতা বিষয়ক ধারণায়ন, কৃষিপ্রতিবেশীয় চর্চা পরিদর্শন, অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্যের গুরুত্ব ও গুণাগুণ, পদ্ধতিগত চাষাবাদ, রাসায়নিকের কুপ্রভাব ও সংকট, জৈব বালাইনাশক, মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কার্যকারিতা, ভার্মি কম্পোস্ট সারের ব্যবহার, তৈরি ও উৎপাদন প্রক্রিয়া, গোবর সার তৈরি ও ব্যবহার, ঔষধি উদ্ভিদ গুণাগুণ ও ব্যবহার এবং লোকায়ত চিকিৎসা পদ্ধতি বিষয়ে বিস্তারিত ও ব্যবহারিক প্রশিক্ষণ লাভ করেন। দুই দিনব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন কৃষক অল্পনা রানী, হাবিবুর রহমান ও গোবিন্দ মণ্ডল।
আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলাম বলেন, দেশীয় বীজ সংরক্ষণ, জৈব কৃষিচর্চা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং স্থানীয় পরিবেশ উপযোগী ফসলের জাত নিয়ে গবেষণার মাধ্যমে কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চাকে এগিয়ে নিচ্ছেন উপকূলীয় অঞ্চলের কৃষক-কৃষাণীরা। তাঁদের অভিজ্ঞতা, জ্ঞান ও কৃষিচর্চা স্থানীয় বৈচিত্র্য, সংস্কৃতি এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে বারসিক পরামর্শ, সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে পাশে রয়েছে।
গোবিন্দ মণ্ডল বলেন, “বর্তমানে আমি ২০০ প্রকার বীজ সংরক্ষণ করেছি। বারসিকের পরামর্শে আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করার জন্য যুদ্ধে নেমেছি। কৃষকের স্বাধীনতার জন্য হাইব্রিড বীজ, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বাদ দিতে হবে। হাইব্রিড বীজ চাষ করলে রাসায়নিক সার দিতে হয়, কিন্তু দেশীয় বীজের আলাদা কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না। হাইব্রিড বীজ, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে।” পাশাপাশি তিনি কৃষক-কৃষাণীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যে যে জ্ঞান রয়েছে, তা অন্যদের শেখাতে হবে। তবে কোনো গল্প তৈরি না করে সব কাজ বাস্তবে করতে হবে, যেন কেউ বলতে না পারে যে তাঁরা শুধু গল্প তৈরি করছেন, বাস্তবে কাজ করছেন না।
হাবিবুর রহমান বলেন, তাঁরা যেভাবে কৃষিচর্চা করেন, তাতে পরিবেশ, পশু-পাখি নিরাপদ থাকে। তাঁদের এলাকার জন্য কোন কোন ফসল উপযোগী, তা চিহ্নিত করার জন্য তাঁরা গবেষণা করেন। বাংলাদেশের ৩০টি কৃষি-পরিবেশ অঞ্চলের মধ্যে তাঁদের অঞ্চল ১৩। এই অঞ্চলের উপযোগী ফসল ও জাতগুলো নিয়ে তাঁরা গবেষণা করেন। তিনি বলেন, ভারতীয় উপমহাদেশে ৬০-এর দশকের আগে সবাই জৈব কৃষিচর্চা করতেন। মাটির কাছাকাছি যারা সবচেয়ে বেশি থাকে, তারাই ভালো থাকে। উৎপাদন করতে গেলে ফসল মাটি থেকে কী গ্রহণ করে, তা জানতে হবে। বাতাসে ৭৮ শতাংশ নাইট্রোজেন থাকে। সেই নাইট্রোজেন মাটিতে প্রবেশ করার জন্য মাটিতে অনুজীব থাকা প্রয়োজন। কিন্তু রাসায়নিক সার ব্যবহারের কারণে অনুজীবগুলো মারা যায়। মাটিতে বেশি বেশি জৈব সার ব্যবহার করলে মাটি ঝুরঝুরে ও উর্বর থাকে। মাটিকে ঢিলা রাখলে মাটি ভালো থাকে।
জৈব কৃষিচর্চায় প্রাণিসম্পদের গুরুত্ব তুলে ধরে শ্যামলী রানী বলেন, জৈব পদ্ধতিতে কৃষিচর্চা করতে হলে বাড়িতে প্রাণিসম্পদ থাকা প্রয়োজন। গরুর গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা দিয়ে সার তৈরি করতে হবে। মাটিতে বেশি বেশি জৈব সার ব্যবহার করলে মাটি ভালো থাকবে, রাসায়নিক সারের ব্যবহার কমবে এবং উৎপাদন খরচও কমে যাবে।
অল্পনা রানী বলেন, “যার স্বাদ নেই, তার পুষ্টি নেই।” রাসায়নিক দিয়ে উৎপাদিত খাদ্যে স্বাদ ও পুষ্টিগুণ কম থাকে। ধান শুধু একটি ফসল নয়; ধান আছে বলে আমি আছি, আমার পরিবার আছে এবং প্রাণিজগতের খাদ্য নিশ্চিত হচ্ছে। পানির সঠিক ব্যবহার করতে হবে। টাওয়ার, বস্তা ও বেড পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। জোর করে বিদেশি গাছ এনে লাগানো ঠিক নয়। আমাদের জীবন ও জীবিকা আদিকাল থেকে যেভাবে ছিল, সেভাবে চর্চা করাই আমাদের সংগ্রাম। বীজ ব্যাংকগুলোকে সমৃদ্ধ করতে হবে। ভালো বীজ মানেই অধিক উৎপাদন নয়; ভালো বীজ মানে স্বাদ, মান ও পুষ্টিগুণে ভরপুর বীজ। তাই বেশি বেশি দেশি বীজ সংরক্ষণ করতে হবে।
তিনি বলেন, নিজেদের জ্ঞান কাজে লাগিয়ে অন্যদের সঙ্গে বিনিময় করা সম্ভব। তাঁর বাড়িতে ৪০০ প্রজাতির বীজ রয়েছে। তিনি বাড়িতে এগুলোর চর্চা করেন এবং কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করেন না।
পারুল রানী বলেন, বাড়িতে অব্যবহৃত বালতি, ক্যারেট ও বস্তা ফেলে না দিয়ে সেগুলোতে সবজি চাষ করা যায়। গরমের সময় কম পানি ব্যবহার করে ফসল উৎপাদনের জন্য কলস ও স্যালাইন পদ্ধতি ব্যবহার করা যায়। দেশি বীজের দেশি গাছ মরে গেলেও একবার ফল দিয়ে যায়। টাওয়ার হলো একটি উঁচু জায়গা, যেখানে মাটি, ইটের খোয়া, রাবিশ ও জৈব সার দিয়ে তৈরি করা হয়। এতে ৬০ শতাংশ মাটি ও ৪০ শতাংশ জৈব সার ব্যবহার করা হয়। বর্ষাকালে বেড পদ্ধতিতে চাষ করার চেষ্টা করতে হবে। জৈব বালাইনাশক ব্যবহার করলে বাজার থেকে কিনতে হবে না।
কৃষক-কৃষাণীদের অভিজ্ঞতা ও বক্তব্যে উঠে আসে, দেশীয় বীজ সংরক্ষণ, স্থানীয় উপযোগী ফসলের জাত নিয়ে গবেষণা, জৈব কৃষিচর্চা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে তাঁরা নিজেদের জীবন-জীবিকা, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় কাজ করে যাচ্ছেন। এই প্রশিক্ষণ কর্মশালা তাঁদের কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চা, স্থানীয় জ্ঞান ও সংস্কৃতিকে সমৃদ্ধ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৃষি ও পরিবেশ সুরক্ষার পথ তৈরি করবে।