সংবিধানে হাত দেওয়া অন্তর্বর্তী সরকারের উচিত হবে না: মুনীরুজ্জামান

Oplus_131072
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

সংবিধানে হাত দেওয়া অন্তর্বর্তী সরকারের উচিত হবে না বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, সংবিধান শুধুমাত্র পরিবর্তন করতে পারেন জনপ্রতিনিধি বা যাঁরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবেন। তা ছাড়া অন্য কারও কোনো অধিকার বা এখতিয়ার নেই এটাকে বড় ধরনের পরিবর্তন করার।

আজ রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সংস্কার বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন মুনীরুজ্জামান। নিরাপত্তা বিশ্লেষক মুনীরুজ্জামান বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে, সংবিধানে হাত দেওয়া উচিত হবে না। সংবিধান শুধুমাত্র পরিবর্তন করতে পারেন জনপ্রতিনিধি বা যাঁরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবেন। তা ছাড়া অন্য কারও কোনো অধিকার বা এখতিয়ার নেই, এটাকে বড় ধরনের পরিবর্তন করার। এটা করতে গেলে পরে যে জটিলতা আসবে, সেটা হতো কাটিয়ে ওঠা কঠিন হবে।

- Advertisement -

মুনীরুজ্জামান বলেন, এই কারণে তিনি বলতে চান যে, যেটুকু করা সম্ভব, সেটুকু শুধু করা উচিত। এর বাইরে এমন কিছুতে হাত দেওয়া উচিত না, যাতে বর্তমানে যে জটিল পরিস্থিতি আছে, সেটা আরও জটিলতর হয়।

এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, সবকিছুর ঊর্ধ্বে মনে রাখতে হবে যে, যত শিগগিরই সম্ভব যাতে গণতন্ত্রে উত্তরণ করা যায়। কারণ এই জুলাই-আগস্টের যে বিপ্লবটা ঘটে গেছে, তার একটা প্রধান আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রহীনতার থেকে উত্তরণ।

 

সব সংস্কার বর্তমান অন্তর্বর্তী সরকার করতে পারবে—সেই উচ্চাশা করা ঠিক হবে না বলে মনে করেন মুনীরুজ্জামান। তিনি বলেন, এই পর্যায়ে যেসব সংস্কার প্র্যাকটিক্যাল, সেগুলো থেকে দুটো সংস্কারের ব্যাপারে বিশেষ করে জোর দিতে হবে। কোনো সংস্কারই টেকসই হবে না, যদি এর সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দল একমত না হয়।

মুনীরুজ্জামান বলেন, ইতিপূর্বে দেখা গেছে, বিভিন্ন সময় অনেক সংস্কার হয়েছিল। ১ / ১১-এর সময় অনেক সংস্কার হয়েছিল। কিন্তু কোনোটাই টেকসই হয়নি। কাজেই উচিত হবে, এমন ধরনের সংস্কার করা, যেগুলো টেকসই হবে। যেগুলো থেকে জাতি ভবিষ্যতে উপকার পাবে। কাজেই এখন সর্বোপরি প্রধান লক্ষ্য হবে, সংস্কার করে যাতে গণতন্ত্রের দিকে অগ্রসর হওয়া যায়। যত শিগগিরই অগ্রসর হওয়া যায়, সেদিকে লক্ষ্য রাখা।

সুশীল সমাজের সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য আব্দুল মুয়ীদ চৌধুরী, সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান। আলোচনায় নাগরিক সমাজের ১১ প্রতিনিধি উপস্থিত আছেন।

 

এই বিভাগের আরও সংবাদ